জয়পুরহাটে ৯ কৃষকের ৪ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট সদর উপজেলার সতিঘাটা গ্রামে রাতের আঁধারে নয়জন কৃষকের চার বিঘা জমির শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ধারদেনা করে চার মাস ধরে পরিচর্যার পর শিম বিক্রি শুরুর সময় এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এ ঘটনায় তাঁদের স্বপ্ন ভেঙে যাওয়ার পাশাপাশি এলাকার অন্য শিমচাষিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ধান ও আলু চাষ করে বছরের পর বছর লোকসানের মুখে পড়ে এবার বিকল্প ফসল হিসেবে শিম চাষে ঝুঁকেছিলেন জয়পুরহাট সদর উপজেলার সতিঘাটা গ্রামের কৃষকেরা। গ্রামের প্রায় ৫০ জন কৃষক ৩০ বিঘা জমিতে শিম চাষ শুরু করেন। গত ১৫ জুলাই থেকে জমি বর্গা নিয়ে কেউ ১০ শতক, কেউ ২০ শতক আবার কেউ এর চেয়েও বেশি জমিতে শিমের আবাদ করেন। তাঁদের প্রত্যেকেই প্রান্তিক কৃষক।
কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে শিম চাষে তাঁদের খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যার পর গত ১৫ নভেম্বর থেকে তাঁরা শিম বিক্রি শুরু করেন। প্রতি কেজি শিম ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হওয়ায় উৎপাদন খরচ তুলে লাভের আশাও দেখছিলেন তাঁরা।
কিন্তু গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা নয়জন কৃষকের চার বিঘা জমির শিমগাছ কেটে দেয়। পরদিন সকালে বিক্রির জন্য শিম তুলতে গিয়ে একে একে বিষয়টি জানতে পারেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। খেতের গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষক বাবু মিয়া বলেন, ‘আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি এখন দেনা শোধ করব কী দিয়ে? কত আশা নিয়ে শিম চাষ করেছি। এরই মধ্যে ৫ হাজার টাকায় দুই মণ শিম বিক্রি করেছি। আরও দেড় থেকে দুই মাস শিম বিক্রি করা যেত। আমার সর্বনাশ হয়ে গেল।’
একইভাবে ক্ষতির শিকার হয়েছেন ওই গ্রামের মুনছুর রহমান, আবু সুলতান, মোশাররফ হোসেন, নুরুজ্জামান, এনামুল হক, আজিজার রহমান ও তফিকুলসহ অন্য কৃষকেরা।
তাঁরা বলেন, মাথার ঘাম পায়ে ফেলে চার মাস ধরে গাছগুলোর পরিচর্যা করেছেন। এখন শিম তোলা শুরু হয়েছে। ঠিক সেই সময় তাঁদের এত বড় ক্ষতি করা হয়েছে। তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অন্যদিকে নিজেদের শিমখেত রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার অন্য কৃষকেরাও। ফসলের নিরাপত্তায় রাত জেগে খেত পাহারা দিচ্ছেন অনেকে।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ পারভেজ তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে নয়জন কৃষকের চার বিঘা জমির শিমগাছ কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক বলেন, সাধারণ ডায়েরির বিষয়টি তাঁর জানা নেই। তবে ডায়েরি করা হয়ে থাকলে তদন্ত করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
১১৫ বার পড়া হয়েছে