সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস বন্ধে যাত্রীদের চরম ভোগান্তি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবহন মালিক গ্রুপের নামে চাঁদার পরিমাণ বাড়ানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে আটটা থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা কাউন্টারে এসে বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে দূরপাল্লার প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। সম্প্রতি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সেই চাঁদার পরিমাণ বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে। এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন দূরপাল্লার বাসমালিকেরা।

গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপক আহম্মদ বলেন, বুধবার সকাল সাড়ে আটটার দিকে মালিক সমিতি দেশ ট্রাভেলস, ন্যাশনাল ও গ্রামীণ ট্রাভেলসের বাস চলাচলে ব্যারিকেড দেয়। দেড়শ টাকা চাঁদা না দিলে বাস যেতে দেওয়া হবে না বলে জানানো হয়। পরে কাউন্টারে এসে টিকিট বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আহম্মদ আরও বলেন, ‘এতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। আমরা কর্মচারী, আমাদের কিছু করার নেই। মালিকদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা উচিত।’

অন্যদিকে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু বলেন, দূরপাল্লার বাস থেকে রাজশাহী ও নাটোরের মালিক সমিতি ১৩০ টাকা করে চাঁদা আদায় করে। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জেও চাঁদার পরিমাণ ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, দূরপাল্লার বাসমালিকদের সঙ্গে বাস চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা চলছে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০