সাত খুনে জিয়াউল আহসানের ভূমিকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার কথা উল্লেখ করেছেন। ওই জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
সাত খুনের ঘটনাকে দেশের অন্যতম নৃশংস অপরাধ হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ পাওয়া গেছে, তা অত্যন্ত ভয়াবহ।
তিনি জানান, প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। লাশ যাতে নদীর পানিতে ভেসে না ওঠে, সে জন্য তাঁদের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আসামিদের জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে বলে জানান তিনি।
আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি
অ্যাটর্নি জেনারেল বলেন, সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে তিনি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে।
বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলাটির শুনানি অব্যাহত থাকতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউল আহসানকে এ মামলায় আসামি না করার বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, প্রচলিত আইনে সাত খুন মামলার বিচার হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আলাদা।
এই মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি—এটি ভিন্ন বিষয় উল্লেখ করে তিনি বলেন, মামলার সাক্ষ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁর নাম ও দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। তবে এ কারণে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে রাষ্ট্রপক্ষ
মামলার রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্ট বিভাগ এ মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করছে।
তিনি বলেন, দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিশেষ উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।
১৩৭ বার পড়া হয়েছে