আইপিএল নিলামে নাম নিবন্ধন করলেন ১২ বাংলাদেশি ক্রিকেটার
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের নিলামে অংশ নিতে প্রাথমিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তালিকায় জাতীয় দলের একাধিক পেসার, ব্যাটসম্যান ও অলরাউন্ডার থাকলেও নেই মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নাম। তবে প্রাথমিক তালিকায় জায়গা পেলেও চূড়ান্ত নিলামে থাকা এবং দল পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত তথ্য অনুযায়ী, আইপিএলের আগামী মৌসুমের নিলামের জন্য নাম নিবন্ধন করা ১২ বাংলাদেশি ক্রিকেটার হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
তবে প্রাথমিক নিবন্ধন তালিকায় নাম থাকলেই চূড়ান্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত হয় না। একইভাবে নিলামে থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁদের দলে নেবে কি না, তা নির্ভর করবে দলগুলোর আগ্রহের ওপর।
এবারের নিলামকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে গত মৌসুমের একটি ঘটনাকে কেন্দ্র করে। ২০২৬ মৌসুমের নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
ওই ঘটনা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে প্রশ্ন তৈরি করে। এর প্রভাব পড়ে বাংলাদেশের ক্রিকেটেও। নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যায়নি বাংলাদেশ দল।
গতবারের ঘটনার পর এবারও আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে কি না, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো স্পষ্ট কোনো নির্দেশনা পায়নি। ফলে ১২ ক্রিকেটার নাম নিবন্ধন করলেও তাঁদের আইপিএলে খেলা নিয়ে সংশয় কাটেনি।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে ভারতের ৯৩৯ জন এবং বিদেশি ক্রিকেটার ২৮১ জন। ১০টি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।
তবে প্রাথমিক তালিকার সবাই চূড়ান্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকার বাইরে থাকা ক্রিকেটারদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরপর ১ ডিসেম্বরের মধ্যে নিলামে রাখতে চাওয়া ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলোকে। এসব প্রক্রিয়া শেষে তৈরি হবে চূড়ান্ত তালিকা।
১০৮ বার পড়া হয়েছে