লাহিড়ী মোহনপুর স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৮টা থেকে টানা তিন ঘণ্টা রেলপথে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার সকাল ৮টা থেকে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন শুরু হয়। এতে সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল জব্বার ও রওশন আলী বাবলু, যুবদল নেতা ইউনুস, রাজমান কলেজের প্রভাষক নওশের আলী এবং জামায়াত নেতা হেলাল খান।
মানববন্ধনে বক্তারা বলেন, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে স্থানীয় যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়বে। পাশাপাশি এলাকার উৎপাদিত শাকসবজি ও মাছ সহজেই রাজধানীতে পরিবহন করা সম্ভব হবে। এতে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন।
এ কারণে গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা।
এদিকে তিন ঘণ্টার মানববন্ধন ও রেলপথে অবস্থান কর্মসূচির কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় লোকজন সকাল ৮টা থেকে রেলপথে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
১২০ বার পড়া হয়েছে