সর্বশেষ

আন্তর্জাতিক

শুধু মোদি নন, রাহুল গান্ধীর আমলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে কংগ্রেস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে নিন্দা করলেও দেশটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। অস্ত্র কেনা ও কৌশলগত স্বার্থের কথা উল্লেখ করে তাঁর এই বক্তব্যের পর ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দুই দেশের সম্পর্ক দৃশ্যমানভাবে গভীর হলেও এর ভিত্তি তৈরি হয়েছে আরও আগে। এমনকি ভারতে ক্ষমতার পালাবদল হলেও এই সম্পর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং এর নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে আসছে। তবে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইসরায়েলের যুদ্ধের নিন্দা জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দেন।

তিনি বলেন, ‘আমি ইসরায়েলের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ককে সমর্থন করি। আমাদের সশস্ত্র বাহিনীর জন্য সেরা অস্ত্র কেনাসহ কৌশলগত স্বার্থ রয়েছে।’

বুধবার (২৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধীর এই অবস্থান কংগ্রেসের বামপন্থীসহ কয়েকটি মিত্র দলের সমালোচনার জন্ম দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এটি ভারত ও ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বেরই প্রতিফলন। সম্পর্কটি শুধু বিজেপি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়; ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও তা টিকে থাকতে পারে।

নজরদারি ও নিরাপত্তা খাতে সহযোগিতা

অস্ত্র কেনাবেচার পাশাপাশি নজরদারি প্রযুক্তি, পুলিশিং ও সাইবার নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েল ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। চলতি মাসে অলাভজনক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের এক অনুসন্ধানে বলা হয়েছে, ইসরায়েল থেকে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার সুযোগ করে দিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির নিজস্ব কিছু নিয়ম শিথিল করেছিলেন।

এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ফোনে নজরদারি চালানো হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন ও আনন্দ মঙ্গলনালের ফোনে ওই স্পাইওয়্যারের উপস্থিতি নিশ্চিত করে। তবে অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে ভারত সরকার।

গবেষক ও লেখক আজাদ এসা আল জাজিরাকে বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের সহযোগিতার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা ও ভিন্নমত নিয়ন্ত্রণের পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মতে, ইসরায়েলি প্রযুক্তি ও কৌশল ভারতের নাগরিকদের পাশাপাশি কৃষকদের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে—এটি ছিল সময়ের অপেক্ষা।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির পাশের রাজ্য হরিয়ানা ছয় বছর ধরে ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কৌশল অনুসরণের চেষ্টা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লিগামী কৃষকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপে ড্রোন ব্যবহার করা হয়েছিল।

প্রতিরক্ষা শিল্পে গভীর অংশীদারত্ব

ভারতের প্রতিরক্ষা শিল্পেও ইসরায়েলের প্রভাব উল্লেখযোগ্য। ২০১৪ সাল থেকে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ কিনেছে ভারত। ফলে দেশটি ইসরায়েলের অন্যতম নির্ভরযোগ্য ক্রেতায় পরিণত হয়েছে।

এই সহযোগিতার সঙ্গে যুক্ত রয়েছে ভারতের শিল্পগোষ্ঠী আদানি। ২০১৬ সালে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ ও ইসরায়েলের এলবিট সিস্টেমস হায়দরাবাদে হার্মিস ৯০০ ড্রোন তৈরির যৌথ উদ্যোগ শুরু করে। ইসরায়েলের বাইরে এটিই ছিল এ ধরনের প্রথম কারখানা।

এ ছাড়া ২০২০ সাল থেকে নেগেভ মেশিনগানের যন্ত্রাংশ নির্মাতা বিএলআর সিস্টেমসে আদানি গ্রুপের ৫১ শতাংশ অংশীদারত্ব রয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে আদানি গ্রুপ ও ইসরায়েলের গ্যাডট ১১৫ কোটি ডলারে হাইফা বন্দর কেনার প্রক্রিয়া সম্পন্ন করে।

আজাদ এসার মতে, ভারত ক্রমেই ইসরায়েলি কোম্পানিগুলোর উৎপাদন ও সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হচ্ছে। দিল্লির স্বাধীন গবেষক আশুতোষ সিংয়ের ভাষায়, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আড়ালে ইসরায়েলের সামরিক অবকাঠামোর সঙ্গে ভারতীয় পুঁজির যুক্ত হওয়ার এটি অন্যতম উদাহরণ।

তবে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লায়ারেল এ বিষয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, হায়দরাবাদে মূলত ইসরায়েলি নকশার ড্রোনের চূড়ান্ত সংযোজন করা হয়। সেখানে ঠিক কতটা প্রযুক্তি হস্তান্তর হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ২০২৩ সালের শেষভাগ ও ২০২৪ সালের শুরুর দিকে গাজায় ব্যবহৃত কিছু ড্রোনের মডেল ইসরায়েলে পাঠানো হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৩০ জুলাই প্রকাশিত ‘মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যন্ত্রাংশের ২ হাজার ৫৯৬টি চালানের তথ্য নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে নয়টি কোম্পানির নাম উল্লেখ করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ মালিকানাধীন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরদিন বলেন, কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের শক্তিশালী আইনি কাঠামো রয়েছে। তবে প্রতিবেদনে ওঠা অভিযোগগুলোর সরাসরি জবাব দেননি তিনি।

কেন ইসরায়েল থেকে অস্ত্র কেনে ভারত

বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম শর্তে উন্নত প্রযুক্তি পাওয়ার সুযোগ ভারতের কাছে ইসরায়েলকে আকর্ষণীয় করে তুলেছে।

অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক কবির তানেজা বলেন, পশ্চিমা দেশগুলো অনেক সময় নিজেদের তৈরি সামরিক ব্যবস্থায় ভারতীয় ক্ষেপণাস্ত্র যুক্ত করার জন্য প্রয়োজনীয় সোর্স কোড দিতে চায় না। ইসরায়েল এ ক্ষেত্রে ভারতের প্রয়োজন মেটায়। রাশিয়ার তৈরি আইএল-৭৬ বিমানে আগাম সতর্কতামূলক রাডার বসানোর বিষয়টি এর একটি উদাহরণ।

তানেজার ভাষায়, ‘ইসরায়েল হলো প্রতিরক্ষা প্রযুক্তির সেই ওয়ালমার্ট, যেখানে গিয়ে আপনি এমন কোনো শর্ত ছাড়াই কিনতে পারেন, যা আপনাকে প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ব্যবহারে বাধা দেয়।’

ব্লায়ারেল বলেন, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় পারমাণবিক পরীক্ষার পর বিভিন্ন দেশ ভারতের ওপর নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েল যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল। দেশটি এ ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করেনি। এ ছাড়া ইসরায়েলের সামরিক প্রযুক্তি ভারতের অস্ত্রভান্ডারে থাকা রুশ সরঞ্জামের সঙ্গে সহজে কাজ করতে পারে।

আদর্শিক নাকি কৌশলগত সম্পর্ক

ভারত ও ইসরায়েলের ঘনিষ্ঠতার পেছনে আদর্শিক মিল, নাকি কেবল কৌশলগত সুবিধা—এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।

আজাদ এসা মনে করেন, এই সম্পর্কের পেছনে আদর্শিক ও কৌশলগত—দুই ধরনের কারণই রয়েছে। তাঁর মতে, উভয় রাষ্ট্রই নিজেদের এমন সভ্যতাগত রাষ্ট্র হিসেবে তুলে ধরে, যারা অস্তিত্বের সংকটের মুখে রয়েছে এবং মুসলমানদের দ্বারা অবরুদ্ধ হওয়ার ধারণাকে গুরুত্ব দেয়। তিনি এ সম্পর্কের একটি অংশকে হিন্দুত্ব ও জায়নবাদের মধ্যকার আদর্শিক নৈকট্যের সঙ্গে যুক্ত করেছেন।

গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে এক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভারতের প্রতি তাঁর দেশের সমর্থনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বে ইসরায়েলের বৈধতা নিয়ে সমস্যা থাকলেও ভারতে তা নেই। সেখানে ইসরায়েলের প্রতি ব্যাপক ভালোবাসা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে কবির তানেজা এই সম্পর্ককে মূলত লেনদেনভিত্তিক বলে মনে করেন। তাঁর মতে, নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজন থেকেই দুই দেশের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। ফ্রান্স একই ধরনের সুবিধা দিলে ভারত দেশটির সঙ্গে বৈষম্য করবে না।

ব্লায়ারেল এ বিষয়ে মাঝামাঝি অবস্থান নিয়েছেন। তাঁর মতে, রাষ্ট্রীয় স্বার্থ ও আদর্শিক বোঝাপড়া—দুটিই এখানে কাজ করেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ভি ডি সাভারকার ও এম এস গোলওয়ালকার ইসরায়েলকে আদর্শ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তাঁরা নাৎসি জার্মানিরও প্রশংসা করেছিলেন। অন্যদিকে মোদি ও নেতানিয়াহুর ব্যক্তিগত ঘনিষ্ঠতাও অস্বীকার করার সুযোগ নেই।

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেন, প্রতিরক্ষার প্রয়োজনে ইসরায়েলের ওপর ভারতের নির্ভরতা বোধগম্য। তবে মোদি সরকারের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতার পেছনে আদর্শিক সম্পর্ক রয়েছে কি না, তা জনগণকে জানানো হয়নি।

মোদির আগেও শুরু হয়েছিল সম্পর্ক

ভারত ও ইসরায়েলের কৌশলগত সম্পর্ক নরেন্দ্র মোদির শাসনামলে শুরু হয়নি। ১৯৪৭ সালে ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা এবং ১৯৪৯ সালে জাতিসংঘে ইসরায়েলের অন্তর্ভুক্তির বিপক্ষে ভোট দিয়েছিল ভারত। এরপর ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় দেশটি। তবে চার দশকের বেশি সময় সেখানে পূর্ণাঙ্গ দূতাবাস ছিল না; বোম্বেতে একজন কনসাল দায়িত্ব পালন করতেন।

১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েল গোপনে ভারতকে মর্টার ও উজি সাবমেশিনগান সরবরাহ করে। ১৯৬৫ ও ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়ও ভারতকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করে দেশটি।

আজাদ এসার মতে, ১৯৬০-এর দশকের শেষ দিক থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সঙ্গে কাজ করেছে। পরবর্তী সময়ে ভারত-শাসিত কাশ্মীরের সীমান্তে বেড়া নির্মাণের ক্ষেত্রেও লেবানন সীমান্তে ইসরায়েলের ব্যবহৃত বেড়া নিয়ে গবেষণা করা হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থনও দীর্ঘদিন ভারতের পররাষ্ট্রনীতির অংশ ছিল। ১৯৭৪ সালে ভারত প্রথম অনারব দেশ হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওকে স্বীকৃতি দেয়। ১৯৮৮ সালে স্বীকৃতি দেয় ফিলিস্তিন রাষ্ট্রকে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে কংগ্রেস সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে ভারতের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময় সম্পর্ক আরও এগোয়। ২০০৪ সালে কংগ্রেস আবার ক্ষমতায় আসার পর ২০০৬ সালে ৩৫ কোটি ডলারের বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব যৌথ প্রযুক্তি উন্নয়নের পর্যায়ে পৌঁছায়।

২০১৪ সালের পর সম্পর্কের দৃশ্যমান পরিবর্তন

২০১৪ সালের পর ভারত-ইসরায়েল সম্পর্কের বড় পরিবর্তন আসে এর প্রকাশ্য রূপে। এর আগে দুই দেশের মধ্যে গোপন সফর ও চিহ্নহীন জাহাজে অস্ত্র সরবরাহের মতো ঘটনা ঘটলেও মোদি সরকারের আমলে সম্পর্ক প্রকাশ্যে আসে।

২০১৪ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় মোদি সরকার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে ইসরায়েলবিরোধী প্রস্তাব উত্থাপনের সুযোগ দেয়নি। ২০১৫ ও ২০১৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইসরায়েল-সংশ্লিষ্ট কয়েকটি ভোটে ভারত বিরত থাকে।

২০১৭ সালে নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও তিনি দেশটি সফর করেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আবেদন শুনতে অস্বীকৃতি জানায়।

ব্লায়ারেলের মতে, ফিলিস্তিন প্রশ্নে ১৯৭০-এর দশক থেকে ভারতের যে সুস্পষ্ট অবস্থান ছিল, তা এখন কিছুটা অনির্দেশ্য হয়ে পড়েছে। তবে কবির তানেজার ধারণা, ভারত এখনো দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে রয়েছে। একই সঙ্গে প্রায় চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অংশীদারের কাছ থেকে সহযোগিতা নেওয়ার সুযোগও কাজে লাগাচ্ছে।

আজাদ এসা অবশ্য ভারতের অবস্থান নিয়ে সমালোচনা করেছেন। তাঁর মতে, গাজায় অস্ত্র পাঠানো, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলায় যোগ না দেওয়া, অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান না নেওয়া এবং দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের মতো পদক্ষেপ ভারতের প্রকৃত অবস্থান তুলে ধরে।

জবাবদিহি নিয়ে প্রশ্ন

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে জবাবদিহির প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

জাতিসংঘের একটি তদন্ত কমিশন গত জুনে জানায়, গাজায় দুই বছরের যুদ্ধে অন্তত ২০ হাজার ১৭৯ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সঙ্গে গণহত্যায় ব্যবহৃত হতে পারে—এমন অস্ত্র হস্তান্তর বন্ধের আহ্বান জানায় কমিশন। তবে ইসরায়েল ওই প্রতিবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

গাজার যুদ্ধাপরাধে ভারতের রাষ্ট্র ও কোম্পানিগুলো জড়িত কি না, এমন প্রশ্নে আজাদ এসা বলেন, তিনি তা-ই বিশ্বাস করেন। আশুতোষ সিংয়ের মতে, কোনো দেশ গণহত্যার কাজে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম সরবরাহ করলে তা অপরাধে অংশ নেওয়ার শামিল।

অন্যদিকে কংগ্রেস নেতা সালমান খুরশিদ স্বীকার করেন, কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যও ইসরায়েলি ফোন উদ্ধারের সরঞ্জাম কিনেছে। তবে তাঁর মতে, সরকারের এ ধরনের লেনদেনে নির্দিষ্ট সীমারেখা বা নিয়ন্ত্রণব্যবস্থা থাকা জরুরি। তিনি বলেন, ‘এটি কোনো নিখুঁত পৃথিবী নয়। আমাদের ছাড় দিতে হয়।’

সব মিলিয়ে গাজা যুদ্ধ নিয়ে রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে মতপার্থক্য থাকলেও ভারতের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা যে দীর্ঘদিনের এবং বহুমাত্রিক, তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে, এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে শুধু ক্ষমতাসীন দলের আদর্শ নয়, ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০