সর্বশেষ

সারাদেশ

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার, নজরদারিতে ড্রোন

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রেক্ষাপটে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। নিরাপত্তা নিশ্চিত করতে থার্মাল ও নাইট ভিশন ডিভাইস, ড্রোন, ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন ঘটেনি। সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সব সময় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

বিজিবি অধিনায়ক বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসকে ঘিরে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। নিরাপত্তা সক্ষমতা বাড়াতে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড এবং উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের সাহায্যে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও বলেন, ২০ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আধুনিক সরঞ্জামে সজ্জিত রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০