সর্বশেষ

শিক্ষা

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ব্যয় হয়েছে ১৬ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রায় চারজনের একজন পরীক্ষার্থী ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন। তাঁদের আবেদনে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা নতুন করে যাচাই করা হয়েছে। খাতাপ্রতি ১৫০ টাকা ফি হিসেবে শিক্ষার্থীদের ব্যয় হয়েছে ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি। এসএসসি ও এইচএসসি মিলিয়ে দুই পরীক্ষায় খাতা পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীদের ব্যয় সাড়ে ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।

গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফলাফলে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন অংশ নিয়ে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে শিক্ষার্থীদের ব্যয় হয় ১৯ কোটি ৩১ লাখ টাকার বেশি। সব মিলিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ হয়েছে সাড়ে ৩৫ কোটি টাকার বেশি।

এবারের এসএসসি পরীক্ষা থেকে খাতা পুনর্মূল্যায়নের পদ্ধতি চালু হয়েছে। এর আগে পুনর্নিরীক্ষণের সময় মূলত নম্বর যোগ-বিয়োগে ভুল হয়েছে কি না কিংবা কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না করে বাদ দেওয়া হয়েছে কি না, তা দেখা হতো। কোনো পরীক্ষক উত্তরের জন্য কম বা বেশি নম্বর দিয়েছেন কি না, তা যাচাই করে সংশোধনের সুযোগ ছিল না।

নতুন নিয়মে প্রথমবারের মতো উত্তরপত্রের মূল্যায়নও পর্যালোচনার আওতায় এসেছে। ফলে এবার ফল পরিবর্তনের সংখ্যাও বেড়েছে।

এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। এ ছাড়া নতুন করে গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।

খাতা পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়ে একটি পত্রের ফল নিয়ে আপত্তি থাকলেও আবেদন করতে হয় দুই পত্রের জন্য। ফলে একটি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীদের খরচ হয় ৩০০ টাকা।

এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে। এ ফি অফেরতযোগ্য। অর্থাৎ পুনর্নিরীক্ষণের পর পরীক্ষার্থীর ফল পরিবর্তন হলেও আবেদন ফি ফেরত দেওয়া হয় না।

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তনের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের ১৪ দশমিক ১৪ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। এরপর রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ দশমিক ২৩ শতাংশ এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে ১১ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২ দশমিক ৪৭ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে বিশেষ চিত্র দেখা গেছে। এ বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ২ হাজার ২২৪ জন ফেল থেকে পাস করেছেন। ১১টি শিক্ষা বোর্ডে মোট যতজন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন, তাঁদের প্রায় ৪০ শতাংশই কারিগরি শিক্ষা বোর্ডের।

এতে খাতা মূল্যায়নের প্রথম ধাপে ভুলের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রথম দফায় মূল্যায়নে ভুল থাকার পর পুনর্মূল্যায়নের মাধ্যমে তা সংশোধন করতে শিক্ষার্থীদেরই আবেদন ফি দিতে হয়েছে।

খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফল পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, বর্তমান প্রশ্নপত্রের ধরন, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, দুই পরীক্ষকের মূল্যায়নে বড় ধরনের পার্থক্য হওয়ার কথা নয়।

মূল্যায়নে এ ধরনের পার্থক্য দেখা যাওয়ার অর্থ পরীক্ষকদের নির্ভরযোগ্যতায় ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য পরীক্ষক তৈরির বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন এই অধ্যাপক।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০