মমতার ‘বাংলা’ প্রস্তাব থেকে সরে এলো বিজেপি
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব থেকে সরে এসেছে নতুন বিজেপি সরকার। বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ৯ ডিসেম্বর এ বিষয়ে বিধানসভায় প্রস্তাব উত্থাপনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় রাজ্যের নাম ‘বাংলা’ করার উদ্যোগ নেওয়া হলেও বর্তমান বিজেপি সরকার সেই পথে হাঁটছে না। বরং রাজ্যের ঐতিহাসিক নাম ‘পশ্চিমবঙ্গ’ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবটি বিধানসভায় পাস হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ৪ ডিসেম্বর। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রশাসনিক সুবিধার বিষয়টি সামনে রেখেই দীর্ঘদিন ধরে রাজ্যের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল। ভারতের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলোর প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে তালিকার শেষের দিকে অবস্থান করতে হয় পশ্চিমবঙ্গকে। ফলে অনেক সময় রাজ্যের প্রতিনিধিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
এই সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৯৯ সালে বামফ্রন্ট সরকারের আমলে প্রথমবার বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব তোলা হয়।
পরবর্তী সময়ে ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ নাম রাখার প্রস্তাব অনুমোদন করে। তবে তিন ভাষায় তিনটি ভিন্ন নাম রাখার প্রস্তাবে আপত্তি জানায় কেন্দ্রীয় সরকার।
এরপর ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় সব ভাষায় রাজ্যের নাম ‘বাংলা’ রাখার প্রস্তাব পাস হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় তা কার্যকর করা সম্ভব হয়নি।
এবার ক্ষমতায় এসে আগের সরকারের সেই উদ্যোগ থেকে সরে এসেছে বিজেপি সরকার। রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার পাশাপাশি বিভিন্ন সড়ক ও স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগও নিয়েছে নতুন প্রশাসন।
এরই মধ্যে কলকাতার পার্ক সার্কাস এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ রাখা হয়েছে। এ ছাড়া লেনিন সরণি, কার্ল মার্কস সরণি, হো চি মিন সরণি ও বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করছে সরকারি কমিটি। তবে এসব প্রস্তাবের সব কটির চূড়ান্ত অনুমোদন এখনো দেওয়া হয়নি।
১২৩ বার পড়া হয়েছে