সর্বশেষ

পশ্চিমবঙ্গ

‘অসুবিধা হলে বাংলাদেশে চলে যান, বিনা ভিসায় পাঠাব’: দিলীপ ঘোষ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যটির পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়ে তাঁর দেওয়া এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের মতো করে গড়ে তোলা হবে। যাদের এই পরিবর্তন পছন্দ হবে না, তারা বাংলাদেশে চলে যেতে পারেন। তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার গত ছয় মাসে পুলিশের অন্তত পাঁচটি এনকাউন্টারে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্ক চলছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’

অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন বিজেপির এই নেতা। তাঁর দাবি, সেই সম্ভাবনা ঠেকাতে বর্তমান সরকার রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশের মতো হলে সমস্যা কোথায়? যাদের অসুবিধা হবে, তারা বাংলাদেশে চলে যেতে পারেন। এ জন্য ভিসারও প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি।

অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রয়োজনে এনকাউন্টারের পাশাপাশি বুলডোজারও ব্যবহার করা হবে। তাঁর মতে, যারা কঠোর ব্যবস্থা নেওয়ার সাহস রাখেন না, তারাই অপরাধীদের সঙ্গে আপস করেন। বর্তমান সরকার এ ধরনের আপস করবে না।

নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতো পরিণতি হবে। গ্রামীণ বাংলায় দীর্ঘদিন ধরে অপরাধীদের যে দাপট ছিল, তা আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা।

দিলীপ ঘোষের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তাদের মতে, বিচারবহির্ভূতভাবে বলপ্রয়োগের এমন বক্তব্য বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন করতে পারে।

তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, এনকাউন্টার কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকে সমাজের সাধারণ নিয়মে পরিণত করার চেষ্টা বিপজ্জনক। ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের বক্তব্য পশ্চিমবঙ্গে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয়ের বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়। ওই সময় তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলাবিরোধী’ ও ‘বহিরাগত’ হিসেবে তুলে ধরে প্রচার চালিয়েছিল।

২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আঞ্চলিক পরিচয়ের বিষয়টি রাজনৈতিক প্রচারে গুরুত্ব পায়। ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসনসংখ্যা ২০১৯ সালের ১৮টি থেকে কমে ১২টিতে দাঁড়ায়।

এরপর বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাদ পড়াদের অধিকাংশই মুসলিম বলে দাবি করা হয়েছে। এর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি।

নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রশাসনিক ও আদর্শিক পরিবর্তন নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন উত্তর প্রদেশ ও গুজরাটের মডেল অনুসরণের ঘোষণা দিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন দিলীপ ঘোষ।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০