সর্বশেষ

রাজনীতি

মুখে তুলে ডিম, কফি খাইয়ে পুলিশে দিলো এক নেতা আরেক নেতাকে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। আটকের পর ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন যুবদল নেতা।

আটক আওয়ামী লীগ নেতার নাম জাভেদ দিদার। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে ভিডিওতে পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে রবিউল ইসলাম নয়ন তাঁর অনুসারীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিউল ইসলাম নয়নের ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আটকের পর তিনি জাভেদ দিদারের পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে জাভেদ নিজেকে আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

এরপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁকে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে থাকা একজন একটি সেদ্ধ ডিম এগিয়ে দেন। প্রথমে জাভেদ ডিম খেতে অস্বীকৃতি জানালেও পরে নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর জাভেদ ও নয়ন দুজনই ডিম খান। এভাবে জাভেদকে দুটি সেদ্ধ ডিম খেতে দেওয়া হয়। পরে তাঁর জন্য পানিও আনা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, ডিম খাওয়ানোর পর জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন জাভেদ। এ কারণে তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নয়নকে আরও বলতে শোনা যায়, জাভেদের শক্তি বাড়ানোর জন্য তাঁকে দুটি ডিম ও পানির বোতল দেওয়া হয়েছে এবং সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দেন।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণের কোনো ব্যক্তি স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এরপর নেতা-কর্মীরা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ স্লোগান দিতে থাকেন।

পরে জাভেদ দিদারকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে তাঁকে চেয়ারে বসিয়ে কফি খেতে দেওয়া হয়। একপর্যায়ে নয়ন নিজেই তাঁর মুখে কফি তুলে দেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে কেমন আচরণ করা হতো, সে প্রসঙ্গ তোলেন তিনি। নিজের একটানা ৭৭ দিন রিমান্ডে থাকার কথাও বলতে শোনা যায় তাঁকে।

ভিডিওর শেষ দিকে জাভেদকে ভয় না পাওয়ার আশ্বাস দেন রবিউল ইসলাম নয়ন। পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হলে জাভেদের মুঠোফোন তাঁদের কাছে বুঝিয়ে দেন তিনি। এরপর কফিশপ থেকে বের করে জাভেদকে পুলিশের গাড়িতে তোলা হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০