পঞ্চগড়ে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত কর্মশালা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস ও দুর্যোগ মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে পঞ্চগড়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা হলরুমে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সহ-বাস্তবায়নকারী সংস্থা 'বিকাশ বাংলাদেশ'-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান। বিকাশ বাংলাদেশ-এর সদস্য জয়নব আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বিশেষজ্ঞ ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বিমা ব্যবস্থা শক্তিশালীকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, ঝুঁকি মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের জলবায়ু বিমার আওতায় এনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করার তাগিদও দেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধান, সিপিডির জ্যেষ্ঠ গবেষক ড. ডিএল মল্লিক এবং ফিল্ড কর্মকর্তা রুহুল আমিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তারা দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম সচেতনতা তৈরিতে স্থানীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
১০৬ বার পড়া হয়েছে