দেশে হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩০ শিশু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৫ জন। বাকি ১ হাজার ২৩৫ জনকে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ শিশুর।
একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে হাম শনাক্ত ও মৃত্যুর ঘটনায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
১০৭ বার পড়া হয়েছে