কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাড়ির গ্যারেজে আগুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উত্তর ইব্রাহিমপুরের ওই বাড়ির নিচতলার গ্যারেজে আগুন দেওয়া হয়। এতে একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুর পৌনে দুইটার দিকে কাফরুল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) শিলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে সেখানে আসেন। এরপর তাঁরা বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। এ ছাড়া বাড়ির কেয়ারটেকারের কক্ষেও ভাঙচুর করা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার (মিডিয়া) জানান, ফায়ার সার্ভিসের কাছে বা নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার বিষয়ে কোনো তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি বাড়িতে আগুন লাগার খবর দেওয়া হয়েছিল। পরে গাড়ি বের হওয়ার পর আগুন নিভে যাওয়ার কথা জানানো হয়।
১৭৫ বার পড়া হয়েছে