সর্বশেষ

রাজনীতি

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচিতে সমর্থনের কথা জানালেন রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এমন কর্মসূচি দেওয়া হলে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতেও ব্যবসায়ীরা সাহস পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, এ পরিস্থিতি চলতে থাকলে টুঙ্গিপাড়ায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তখন স্থানীয় মানুষই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার হতাহতের ঘটনা চায় না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তাঁর ভাষ্য, আওয়ামী লীগের কর্মীদের নাশকতার বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় কোনো হতাহতের ঘটনা ঘটলে সেটিকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। বিএনপি সরকার এমন পরিস্থিতির দায় নিতে চায় না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, টুঙ্গিপাড়ার সমস্যার সমাধান স্থানীয় মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে। তাঁর মতে, সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিত্যপ্রয়োজনীয় সেবায় সংকট তৈরি হলে তারা আওয়ামী লীগের কর্মীদের নাশকতা বন্ধের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে।

পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি ঘটনার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, ওই সময়ে এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যান থেকে উদ্ধার করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ দিকে টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি লেখেন, বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দল অনেক লংমার্চ করেছে। এবার ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণা করা যেতে পারে। এমন কর্মসূচিতে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও পোস্টে উল্লেখ করেন।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০