ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে তিন বিভাগে বৃষ্টি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৬৮ শতাংশ। এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রামগতিতে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে কক্সবাজারে ৬ মিলিমিটার এবং কুতুবদিয়ায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১৩২ বার পড়া হয়েছে