৪০ কোটি ডলারে কেকেআরের শেয়ার কিনছে মার্কিন প্রতিষ্ঠান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় যুক্ত হচ্ছে নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক জয় মেহতা নিজের মালিকানায় থাকা ২২ দশমিক ৫ শতাংশ শেয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করছেন। এই লেনদেনের ভিত্তিতে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জয় মেহতার কাছ থেকে ২২ দশমিক ৫ শতাংশ শেয়ার কিনতে অ্যারেস ম্যানেজমেন্টের ব্যয় হচ্ছে ৪০ কোটি মার্কিন ডলার। পুরো অর্থ নগদে পরিশোধের মাধ্যমে সম্পন্ন হতে যাওয়া এই চুক্তি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এই লেনদেনের ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্সের মোট মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ১৭৮ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।
বর্তমানে কেকেআরের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। এর অর্ধেক শেয়ার বিক্রি করছেন তিনি। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ মালিকানা আগের মতোই থাকছে বলিউড অভিনেতা শাহরুখ খানের হাতে। সহ-মালিক হিসেবে থাকছেন অভিনেত্রী জুহি চাওলাও।
চুক্তির নিয়ম অনুযায়ী, শেয়ার বিক্রির অর্থের ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ হিসাবে বোর্ডের প্রাপ্তির পরিমাণ দাঁড়াবে প্রায় ২ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ২০০ কোটি রুপি।
২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলা হয়েছিল। সে সময় শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা যৌথভাবে প্রতিষ্ঠা করেন ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’। এরপর থেকেই তাঁদের মালিকানায় রয়েছে কলকাতার এই দল।
নতুন বিনিয়োগকারী অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন বড় ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের দল মিয়ামি ডলফিনসেও প্রতিষ্ঠানটির অংশীদারত্ব রয়েছে।
এ ছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এর নটিংহ্যামভিত্তিক দল ট্রেন্ট রকেটসের সহ-মালিকানায় রয়েছে অ্যারেস ম্যানেজমেন্ট। কেকেআরের শেয়ার কেনার মধ্য দিয়ে ক্রিকেটে তাদের বিনিয়োগ আরও বিস্তৃত হচ্ছে।
এর আগে আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের সময় ফ্র্যাঞ্চাইজিটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপি। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য দাঁড়িয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি। দলটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারস।
এ ছাড়া ২০২২ সালে গুজরাট টাইটান্সের মালিকানা নিয়েছিল সিভিসি ক্যাপিটাল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে হস্তান্তর করে।
জয় মেহতার শেয়ার বিক্রির ফলে কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় নতুন বিনিয়োগকারী যুক্ত হলেও শাহরুখ খানের নেতৃত্বে দলটির সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ আগের মতোই থাকছে।
১২৮ বার পড়া হয়েছে