৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশ এবং তরুণ সমাজও পিছিয়ে পড়বে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবে।
তিনি বলেন, যথাযথ সহযোগিতা ও সুযোগ পেলে তরুণেরা আকাশও জয় করতে পারে। তাই দেশের তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো প্রয়োজন।
নতুন নতুন ধারণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
১১২ বার পড়া হয়েছে