জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে অভিযান চালান সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এসব মদ পাওয়া যায়।
উদ্ধার করা ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, মদ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১০৬ বার পড়া হয়েছে