৯৭ শতাংশ নম্বর পেয়ে আড়াই কোটির বিএমডব্লিউ উপহার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছে ছেলে। তার এই সাফল্যে খুশি হয়ে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা দামের বিএমডব্লিউ স্পোর্টস কার উপহার দিয়েছেন বাবা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসিতে ঘটেছে ব্যতিক্রমী এ ঘটনা।
পরীক্ষায় ভালো ফলের পুরস্কার হিসেবে ছেলেকে এমন দামি গাড়ি উপহার দেওয়ার ঘটনা ঘিরে স্থানীয়ভাবে কৌতূহল তৈরি হয়েছে। গলসির চাল ব্যবসায়ী সামসুদ্দিন মৃধা তাঁর ছেলে মোহাম্মদ তালহার জন্য কিনেছেন বিএমডব্লিউ এমফোর কমপিটিশন মডেলের একটি স্পোর্টস কার।
সামসুদ্দিন মৃধার চারটি চালকল রয়েছে। তাঁর প্রতিষ্ঠানের চাল দেশের বাজারের পাশাপাশি চীন ও ভিয়েতনামেও রপ্তানি হয়। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দামি গাড়ির প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। তাঁর গাড়ির সংগ্রহে আগে থেকেই রেঞ্জ রোভার, ভলভো ও মহিন্দ্রা থরের মতো গাড়ি রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিএমডব্লিউ এমফোর কমপিটিশন।
বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি সিবিএসই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তালহা। সম্প্রতি অনুষ্ঠিত ষান্মাসিক পরীক্ষায় সে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। ছেলের ফলাফলে খুশি হয়ে তার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেন সামসুদ্দিন।
এরপর পছন্দের গাড়িটি কিনতে মুম্বাই যান তিনি। সেখানকার অন্ধেরি এলাকার একটি নামী গাড়ির শোরুম থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করে বিএমডব্লিউটি কেনেন।
কচি কলাপাতার রঙের গাড়িটি শুক্রবার বিশেষ কনটেইনারে করে গলসিতে পৌঁছায়। গাড়ি কেনার পাশাপাশি বিশেষ নম্বর প্লেটের জন্যও উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছেন সামসুদ্দিন। তাঁর প্রায় সব গাড়ির নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ৫৫৫।
শনিবার (৭ নভেম্বর) ছেলেকে গাড়ি উপহার দেওয়ার বিষয়ে সামসুদ্দিন মৃধা জানান, অনেক দিন ধরেই তাঁর কাছে একটি বিএমডব্লিউ কেনার আবদার করছিল তালহা। পরীক্ষায় ভালো ফল করার পর ছেলের সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি।
এখনই গাড়ি চালাতে পারবে না তালহা
তালহার বয়স মাত্র ১৫ বছর। ফলে সে এখনো নাবালক এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই। তাই আপাতত নিজে গাড়ি চালানোর সুযোগ পাচ্ছে না সে। তবে বাবার পাশে বসে নতুন গাড়িতে ঘুরতে পারবে।
তালহা জানিয়েছে, আপাতত তার পুরো মনোযোগ পড়াশোনায়। সপ্তাহে মাত্র এক দিন বাবার পাশে বসে নতুন বিএমডব্লিউতে ঘুরবে সে।
এদিকে সামসুদ্দিন মৃধার ব্যবসার বার্ষিক লেনদেন প্রায় ৭০০ কোটি টাকা বলে জানা গেছে। এত দিন ব্যবসার কারণে স্থানীয়ভাবে পরিচিত থাকলেও ছেলের পরীক্ষার ফলের আনন্দে প্রায় আড়াই কোটি টাকার গাড়ি উপহার দেওয়ার ঘটনা তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ কৌতূহল প্রকাশ করছেন, নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পাওয়ার জন্য এত দামি উপহার পেলে বার্ষিক পরীক্ষায় আরও ভালো ফল করলে তালহার জন্য কী অপেক্ষা করছে।
১৩৭ বার পড়া হয়েছে