গোপালগঞ্জে সংসদ সদস্যের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে একদল বিক্ষুব্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে এ ঘটনায় বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও এসআরবির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের একটি মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালানো হয়। এ সময় দোকানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১১২ বার পড়া হয়েছে