সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে আগুন, পুড়ল পুরো গাড়ি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘মামা ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) একটি লোকাল বাস রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় বাসটি থামিয়ে যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং রেকারের মাধ্যমে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।
১১০ বার পড়া হয়েছে