ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলজুড়ে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে। আবহাওয়ার চরম অবনতির আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের সংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
পরিস্থিতি বিচারে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে পটুয়াখালী, নোয়াখালী, খুলনা ও চট্টগ্রামসহ দেশের ৯টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে টানা বৃষ্টি ও শীতের অনুভূতি বাড়ায় কলাপাড়াসহ পটুয়াখালী উপকূলের নিম্নাঞ্চলের স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির পক্ষ থেকে সাগরে থাকা সকল জেলেদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মাছ ধরা এবং নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১৫১ বার পড়া হয়েছে