ইরানের একাধিক হামলা প্রতিহতের দাবি বাহরাইনের
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড জানিয়েছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন, সংখ্যা কিংবা হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ডের বিবৃতিতে বলা হয়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর সংখ্যা কত, তা উল্লেখ করা হয়নি।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুটি সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করে সংস্থাটি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।
পরবর্তী সময়ে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।
১০৭ বার পড়া হয়েছে