নেশার টাকার জন্য সিরাজগঞ্জে মাকে শ্বাসরোধে হত্যা, বখাটে ছেলেসহ আটক ৩
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকার উদ্দেশ্যে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে নিজের মাকে রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক বখাটে তরুণের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে এবং ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের লুণ্ঠিত অলংকার উদ্ধার করেছে।
নিহত নারীর নাম মতিফুল বেগম। তিনি উপজেলার রামকান্তপুর গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর গলায় থাকা সোনার ধান তাবিজ ও কানের দুল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে তার মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০)। এই কাজে সে তার বন্ধু একই গ্রামের আব্দুর রাহিমের (২২) সহায়তা নেয়।
পরিকল্পনা অনুযায়ী দুই বন্ধু মিলে মতিফুল বেগমের গলায় রশি পেঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে মরদেহটি বস্তাবন্দি করা হয় এবং ছিনতাই করা অলংকারগুলো স্থানীয় এক স্বর্ণকারের কাছে বিক্রি করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
অভিযানের সময় ঘাতক ছেলে আশরাফ আলী, তার সহযোগী আব্দুর রাহিম এবং লুণ্ঠিত সোনার গহনা কেনার অপরাধে স্বর্ণ দোকানদার আব্দুল জলিলকে আটক করা হয়। একই সাথে উদ্ধার করা হয় চুরি হওয়া সমস্ত স্বর্ণালংকার। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এই নৃশংস হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩৪ বার পড়া হয়েছে