অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া মিলবে না বিদ্যুৎ-পানির সংযোগ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় নতুন ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ পেতে বাধ্যতামূলক করা হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট বা ভবন ব্যবহার সনদ। অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন এবং অগ্নিনিরাপত্তাসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করে কোনো ভবন ব্যবহার করা যাবে না। এ ছাড়া ভবন নির্মাণসংক্রান্ত আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড ও জরিমানার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
রাজধানী ঢাকায় একের পর এক বহুতল ভবন নির্মিত হলেও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত বিধিমালা। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, অগ্নিনিরাপত্তার ঘাটতি, জরুরি বহির্গমন পথ না রাখা এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না করেই ব্যবহার করা হচ্ছে অনেক ভবন। অথচ এসব ভবন ব্যবহারের আগে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া আইনত বাধ্যতামূলক।
দীর্ঘদিন ধরে এ বিধানের যথাযথ প্রয়োগ না থাকায় ব্যবহার সনদ ছাড়াই বিভিন্ন ভবনে বিদ্যুৎ, পানি ও অন্যান্য জরুরি পরিষেবার সংযোগ দেওয়া হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।
প্রস্তাব অনুযায়ী, নতুন ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নিয়ম না মেনে পরিষেবা সংযোগ দিলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’-এর ১২ ধারায় ভবন নির্মাণসংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে বর্তমানে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এ শাস্তি ও জরিমানার পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সচিব পর্যায়ের কমিটির তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে সুপারিশ অনুমোদিত হলে তা পরবর্তী সময়ে মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধনের মাধ্যমে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু নতুন ভবনে পরিষেবা সংযোগের ক্ষেত্রে ব্যবহার সনদ বাধ্যতামূলক করলেই সমস্যার সমাধান হবে না। ইতিমধ্যে যেসব ভবন অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ব্যবহার করা হচ্ছে, সেগুলোর বিষয়েও কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মের বিষয়গুলোও তদন্ত করা প্রয়োজন।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান সমকালকে বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাতা, প্রকৌশলী, তত্ত্বাবধায়ক ও স্থপতি—সবারই দায়িত্ব রয়েছে। তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় সনদ নেওয়া নিশ্চিত করার দায়িত্ব ছিল রাজউকের। কিন্তু সংস্থাটি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেনি।
সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিদ্যমান আইনে সাত বছরের কারাদণ্ডের বিধান কোনোভাবেই কমানো উচিত নয়। পাশাপাশি ৫০ হাজার টাকার জরিমানা বাড়িয়ে পাঁচ লাখ টাকার বেশি করা যেতে পারে।
জানা গেছে, ঢাকা মহানগর ইমারত বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে গত ২৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আইনমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।
কমিটির প্রথম সভায় বিষয়টি বিস্তারিত পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি সচিব পর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটি সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছে।
মন্ত্রী পর্যায়ের কমিটিকে ঢাকা মহানগর ইমারত বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ তৈরির কাজ করা হচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান সমকালকে বলেন, অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া যেন কোনো ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানানো হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণসংক্রান্ত বিধান লঙ্ঘনের শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, মন্ত্রী পর্যায়ের কমিটিতে এসব প্রস্তাব অনুমোদিত হলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর সরকার এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।
ভবন নির্মাণ শেষ হলেই সেটি ব্যবহারের অনুমতি পাওয়া যায় না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয়। ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক, ভূমি ব্যবহারের অনুমোদনে কী উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে এবং অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কি না—এসব বিষয় যাচাই করেই এ সনদ দেওয়া হয়।
এ ক্ষেত্রে ভবনের সিঁড়ি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, পার্কিং এবং ব্যবহারের ধরনসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। অনুমোদিত নকশার সঙ্গে নির্মিত ভবনের সামঞ্জস্য এবং সেটি বসবাস বা বাণিজ্যিক ব্যবহারের জন্য নিরাপদ কি না, তা নিশ্চিত হওয়ার পরই ব্যবহার সনদ দেওয়ার কথা।
অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, নির্ধারিত শর্ত পূরণ না হলে কোনো ভবনের ব্যবহারের অনুমোদন পাওয়ার কথা নয়। অকুপেন্সি সার্টিফিকেট থাকলেই কেবল সংশ্লিষ্ট ভবনে গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো পরিষেবা পাওয়ার কথা। বিদ্যমান আইন অনুযায়ী, কোনো ভবন ব্যবহার সনদ ছাড়াই চালু থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সেটির ব্যবহার বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’-এর অধীনে বিধিমালা আধুনিকায়নের মাধ্যমে ২০০৮ সালে অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়। একই সঙ্গে ভবন ব্যবহারের আগে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিধানের কার্যকর বাস্তবায়ন হয়নি।
রাজউকের তথ্য অনুযায়ী, বিধিমালা কার্যকরের পর সংস্থাটি প্রায় ৪০ হাজার ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে। অথচ এর মধ্যে ব্যবহার সনদ নিয়েছে মাত্র ১৬২টি ভবন।
অর্থাৎ অনুমোদন পাওয়া বিপুলসংখ্যক ভবনের মধ্যে খুব অল্পসংখ্যক ভবনের ক্ষেত্রেই ব্যবহার সনদ নেওয়া হয়েছে। ফলে এসব ভবন অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়েছে কি না এবং বসবাস বা বাণিজ্যিক ব্যবহারের জন্য নিরাপদ কি না, তা যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন ভবনে বিদ্যুৎ-পানির সংযোগের ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক করার পাশাপাশি আগে থেকেই ব্যবহার করা ভবনগুলোর নিরাপত্তা যাচাই করতে হবে। একই সঙ্গে রাজউকের তদারকি জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
১১৯ বার পড়া হয়েছে