ঘন কুয়াশা কাটতেই পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পরে কুয়াশা কেটে দৃষ্টিসীমা বাড়লে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানান, কুয়াশার কারণে ভোর ৫টা থেকে নৌপথে নৌযান চলাচলের জন্য ব্যবহৃত মার্কিং বাতি দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে নয়টি ফেরি নোঙর করে রাখা হয়। এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে অবস্থান করছিল।
পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি নোঙর করে রাখা হয়।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন জানান, ভোর পৌনে ৬টা থেকে ঘন কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এ সময় নদী পারাপারের অপেক্ষায় থাকা বেশ কিছু যানবাহন দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর আটকে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
১১৫ বার পড়া হয়েছে