ভূমধ্যসাগরে নৌকাডুবি, হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ নিখোঁজ হয়েছেন। তাঁদের সঙ্গে একই নৌকায় থাকা মাসুম মিয়া দুই দিন সাগরে ভেসে থাকার পর জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছেছেন। তাঁর কাছ থেকে দুর্ঘটনার খবর জানার পর নিখোঁজ তরুণদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসে ফোলানো রাবারের নৌকায় করে গ্রিসের উদ্দেশে রওনা হন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। ওই নৌকায় প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ভূমধ্যসাগরের মাঝপথে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।
সাত তরুণের মধ্যে একমাত্র মাসুম মিয়া প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাঁর বাড়ি মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে। বাকি ছয় তরুণের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ ছয়জন হলেন মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
মাসুমের বাবা মারাজ মিয়া মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ছেলের বরাত দিয়ে জানান, নৌকাটি সাগরের মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ ছিদ্র হয়ে যায়। দ্রুত পানি ঢুকতে থাকায় যাত্রীরা বিপদে পড়েন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান। এ সময় তাঁর ছেলে মাসুম ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করেন। প্রায় দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছান তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শেষ পর্যন্ত গ্রিসে যেতে সক্ষম হন।
মাসুমের কাছ থেকে দুর্ঘটনার খবর পাওয়ার পর তাঁর বাবা মারাজ মিয়া নিখোঁজ ছয় তরুণের পরিবারকে বিষয়টি জানান। এরপর থেকেই পরিবারগুলো তাঁদের সন্তানদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করছে। তবে দালালদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
নিখোঁজ তরুণদের স্বজনেরা জানান, গ্রিসে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমিজমা বিক্রি করে, আবার কেউ চড়া সুদে ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেছেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তরুণেরা ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন। এখন তাঁদের জীবিত ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পুরাইকলা গ্রামের নিখোঁজ পাভেল মিয়ার বাবা নুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যাব?’
স্বজনেরা জানান, মাসুমের কাছ থেকে নৌকাডুবির খবর পাওয়ার পর তাঁরা ঢাকায় অবস্থানরত দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। কোথায় গেলে বা কার কাছে গেলে নিখোঁজ সন্তানদের সন্ধান পাওয়া যাবে, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।
বাঘাসুরা গ্রামের নিখোঁজ নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, ‘আজ সবকিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন।’
দালালদের পরিচয় বা ঠিকানা সম্পর্কেও তাঁদের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, নিখোঁজ তরুণদের সন্ধান পেতে তাঁদের পরিবারকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পাওয়া গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।
১৩৪ বার পড়া হয়েছে