ভান্ডারিয়ায় দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা সিয়াম (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। একই জেলার নাজিরপুরে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদের গুদামে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নাজিরপুরের এসব ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১৮ নভেম্বর) ভোরের দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান এ তথ্য জানিয়েছেন।
নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভোরের দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহন এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক পরিবহনের বাস থেকে অগ্নিদগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসের মালিকদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
নাজিরপুরে দোকানে আগুন, ইউনিয়ন পরিষদের গুদামে পেট্রলবোমা
এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়কের পাশে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ এবং শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদের গুদামে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রাত সোয়া দুইটার দিকে উপজেলার কবিরাজবাড়ী বাজারে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতার দোকানসহ তিন থেকে চারটি দোকান পুড়ে যায়।
একই সময়ে পাশের শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদ ভবনের গুদামে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে গুদামে থাকা টিসিবির চালের বস্তায় আগুন ধরে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এসব ঘটনায় কেউ হতাহত হননি।
১২৬ বার পড়া হয়েছে