রাজধানীতে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
নাশকতাসহ বিভিন্ন মামলায় নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি। পরে বুধবার সকালে তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে নজরুল ইসলাম হিরুর গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে সাবেক এই প্রতিমন্ত্রীকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘উনি (হিরু) আমাদের কাছে আছেন।’
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হলো।
১২৪ বার পড়া হয়েছে