তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় ২০০
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে দেশে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার জন্য বরাদ্দ রাখা হচ্ছে ২০০টি বাস। বাকি ৮০০টি বাস দেশের বিভিন্ন অঞ্চলের রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে। ঢাকায় নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব বাসের মধ্যে ৫০টি থাকবে গোলাপি রঙের, যা শুধু নারী যাত্রীদের জন্য নির্ধারিত থাকবে।
সারা দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীতে প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।
সরকারের এই পরিকল্পনার কথা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, লাল রঙের আরও ৫০টি বাস সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত হবে। এসব বাসে নারী ও পুরুষ উভয়েই চলাচল করতে পারবেন।
বাসগুলোর আকারেও থাকবে ভিন্নতা। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার। আর সাধারণ যাত্রীদের জন্য লাল বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার।
বৈদ্যুতিক বাসের নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকায় পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে সরকারের। সেখানে বাস রক্ষণাবেক্ষণসহ প্রয়োজনীয় কারিগরি সুবিধা গড়ে তোলা হবে। তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। বাসের আকার ও অভ্যন্তরীণ বিন্যাস বিবেচনায় নিয়ে আসনসংখ্যা নির্ধারণ করা হবে।
এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন রুটে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, বৈদ্যুতিক বাস পরিচালনার জন্য নারী চালক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি।
এ কার্যক্রমের আওতায় হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নির্বাচিত নারী চালকদের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। সম্পূর্ণ বিনা মূল্যে এ প্রশিক্ষণের মেয়াদ হবে এক থেকে চার মাস।
ফাতিমা বেগম বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বিআরটিসি ইতিমধ্যে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। আরও উন্নত সেবা সম্প্রসারণের লক্ষ্যে নারীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পিংক বাস সার্ভিস চালুর পর যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না। মহানগরীসহ সারা দেশে নারীদের জন্য নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি করাই এর প্রধান লক্ষ্য।
ফাতিমা বেগমের ভাষ্য, বর্তমানে রক্ষণশীল পরিবারের সদস্যরাও তাঁদের পরিবারের নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এর ফলে নারীরা দক্ষ চালক হিসেবে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
সরকারের আরেকটি লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনা। এ উদ্দেশ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিশেষ করে তরুণদের দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে।
ফাতিমা বেগম জানান, এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ পদে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় নতুন চালকদের বিনা মূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে এসব প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের অনেকে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগও পেয়েছেন।
ফাতিমা বেগম আরও বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, নারী চালকেরা পুরুষ চালকদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান। বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতার সমাজে নারী চালক ও সহকারীর মাধ্যমে পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়েই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে।
অন্যদিকে, নারী চালকদের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে যারা রোড পারফরম্যান্স পরীক্ষায় সফল হবেন, তাঁদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
এ ক্ষেত্রে বিআরটিসির বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করা হবে। ভবিষ্যতে করপোরেশনে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রার্থী অগ্রাধিকার পেতে পারেন। তবে তাঁদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
১২১ বার পড়া হয়েছে