গোপালগঞ্জের সহিংসতায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চায় জামায়াত
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ দাবি করেছে দলটি। একই সঙ্গে হামলা ও সহিংসতায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি জানানো হয়।
পোস্টে বলা হয়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দলটির মতে, এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার আরেকটি প্রমাণ।
জামায়াতের পোস্টে আরও বলা হয়, গোপালগঞ্জের মানুষ বর্তমানে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তব পদক্ষেপের এই ব্যবধান জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ফেলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে পোস্টে বলা হয়, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে দলটি।
১০৯ বার পড়া হয়েছে