১০ মাসেও এনআইডি সেবা না পাওয়ার অভিযোগে বিব্রত সিইসি
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে ছয় মাস, ১০ মাস, এমনকি কয়েক বছরেও সেবা না পাওয়ার অভিযোগে বিব্রত হওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চান তিনি। এ জন্য আবেদন গ্রহণ থেকে শুরু করে সেবা প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজ ও দ্রুত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিইসি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি ও হয়রানি থেকে মুক্তি চান তাঁরা। নাগরিকদের সেবা পেতে গিয়ে যেন আর হয়রানির শিকার হতে না হয়, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। দায় এড়িয়ে বা একে অন্যের ওপর দোষ চাপিয়ে সেবা নিশ্চিত করা সম্ভব নয়। মৌলিক তথ্য ও ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে নাগরিকদের সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, এনআইডি সেবা কার্যক্রমে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে সেসব চ্যালেঞ্জের সমাধান বের করতে হবে। এ ক্ষেত্রে হয়রানির বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। মানুষ যেন সেবা পেতে গিয়ে দুর্নীতিতে জড়াতে বাধ্য না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়া আরও সহজ করতে হবে। কারণ, দেশের সব এলাকার মানুষ অনলাইন থেকে প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড করার পদ্ধতি বোঝেন না।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, প্রতিদিন ডাক সই করার সময় তাঁর কাছে এনআইডিসংক্রান্ত অন্তত ছয়-সাতটি আবেদন আসে। এসব আবেদনের মধ্যে কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। এ ধরনের অভিযোগ তাঁকে বিব্রত করে। সংবাদপত্রে এনআইডি সেবা নিয়ে নাগরিকদের হয়রানির খবর প্রকাশিত হলেও তিনি অস্বস্তি বোধ করেন।
তিনি বলেন, এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে কর্মকর্তাদের পরামর্শ দিতে হবে। মূল লক্ষ্য হতে হবে নাগরিকদের সেবা নিশ্চিত করা। এ ক্ষেত্রে হয়রানি বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।
আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপরও গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, কোনো নাগরিক আবেদন করলে সঙ্গে সঙ্গে তাঁকে বার্তার মাধ্যমে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনের সঙ্গে কোনো প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
কোনো আবেদন জমা দেওয়ার পর ছয় মাস ধরে আবেদনকারী কোনো উত্তর পাবেন না, এমনকি তাঁর আবেদন কোন পর্যায়ে রয়েছে, সেটিও জানতে পারবেন না—এটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এ জন্য প্রতিটি আবেদনের বিপরীতে একটি স্মারক নম্বর বা ক্রমিক নম্বর দেওয়ার পরামর্শ দেন সিইসি। এতে আবেদনকারী পরবর্তী সময়ে যোগাযোগ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
এনআইডি-সংক্রান্ত সমস্যায় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো সমস্যার ক্ষেত্রে কখনো জন্মনিবন্ধনের ভুল, আবার কখনো শিক্ষাগত সনদের অসংগতির কথা সামনে আনা হয়। এভাবে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা দেওয়া সম্ভব নয়। সমস্যার সমাধান করে মানুষকে সেবা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে।
নাগরিকদের প্রযুক্তিগত সক্ষমতা ও সচেতনতার পার্থক্যের বিষয়টিও বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের পক্ষে অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা কঠিন হতে পারে। তাই তাঁদের বাস্তব সক্ষমতা বিবেচনা করে বিকল্প সেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এ জন্য এনআইডি সেবা পেতে কী কী তথ্য ও কাগজপত্র প্রয়োজন, তা নিয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেন সিইসি। সাধারণ মানুষ যেন সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারেন, সে ব্যবস্থাও করতে হবে বলে জানান তিনি।
জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, এনআইডি শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবারের সদস্যরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চান না। এ ধরনের সমস্যার বিষয়েও বিবেচনা করে কার্যকর সমাধান বের করতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প উপায়ে নাগরিকদের কাছে পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি পৌঁছে দেওয়ার বিষয়েও কর্মকর্তাদের পরামর্শ চান সিইসি। তিনি বলেন, সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না-ও হতে পারে। তবে শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিলেই দায়িত্ব শেষ হবে না। কারণ, গ্রামের অনেক মানুষ ডাউনলোডের বিষয়টিই বোঝেন না। তাঁদের কাছে প্রয়োজনীয় কার্ড বা কাগজপত্র পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হবে।
এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায়িত্ব নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে। যাতে নাগরিকদের অপ্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হতে না হয়।
কর্মশালার শেষে এনআইডি সেবার মান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিকদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ চান এ এম এম নাসির উদ্দিন।
১৪৬ বার পড়া হয়েছে