রাজনীতি: মূলভাবনা
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজনীতি প্রতিহিংসা, ক্ষমতার দম্ভ কিংবা হানাহানির নাম নয়; বরং রাজনীতি হলো মানুষের ভালোবাসা, অধিকার প্রতিষ্ঠা, মানবিকতা ও দেশ গড়ার অঙ্গীকার। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, নারী-পুরুষের সমতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই রাজনীতির প্রকৃত সৌন্দর্য নিহিত। কবি আফরোজা পারভীনের ‘রাজনীতি: মূলভাবনা’ কবিতায় উঠে এসেছে মানবিক, সহনশীল ও জনকল্যাণমুখী রাজনীতির প্রত্যাশা।
প্রতিহিংসা রাজনীতি নয়
রাজনীতি ভালোবাসা,
গণ জীবনের মান উন্নয়নে
চেষ্টা স্বপ্ন আশা।
রাজনীতি নয় চিরস্থায়ী
মসনদ ক্ষমতার,
ঘৃণার বীজকে বুনলে বিপদে
পড়বেই বারেবার।
রাজনীতি মানে লাশ তো নয়
নয় রক্তের নদী,
তোমার কণ্ঠ রুখবে, পরের
কণ্ঠকে রুখো যদি।
রাজনীতি নয় লুটপাট আর
নৃশংস হানাহানি,
এমন করলে তোমার জীবন
নিয়ে হবে টানাটানি।
রাজনীতি মানে রক্ষা বৃদ্ধি
রাষ্ট্রের সম্পদ
সংস্কৃতি কে বিশ্বের বুকে
তুলে ধরার এক পথ।
রাজনৈতিক সত্যের কাছে
আপসহীন এক নেতা,
স্বজনপ্রীতিকে পিছনে ফেলে
নিরপেক্ষ এক সততা।
রাজনীতি নয় নোংরা স্লোগান
নারীর শ্রীলতা হানি,
ভিন্নমতকে শ্রদ্ধা করাকে
রাজনীতি বলে জানি।
রাজনীতি নয় দম্ভ গর্ব
উগ্র অহংকার,
শ্রদ্ধা আর নমনীয়তায়
হৃদয় জয় সবার।
রাজনীতি মানে ক্ষমতা শুধুই
দেশের উন্নয়নে,
মানবাধিকার প্রতিষ্ঠাতেই
জানুক সর্বজনে।
রাজনীতি মানে আঁধার ঘরে
আলো জ্বালিয়ে রাখা
ক্ষুধার্তদের মুখের আহার
নিশ্চিত করে থাকা।
রাজনীতি মানে প্রতিপক্ষের
বাড়িতে আগুন নয়
কখন কে জানি তোমার ঘরেও
আগুন জ্বালিয়ে রয়।
রাজনীতি মানে বিপন্নদের
কাজের সুযোগ করা
দুর্নীতির বিরুদ্ধে গিয়ে
নতুন দেশকে গড়া।
রাজনীতি মানে সব কৃষকের
ঘামের মূল্য দেয়া,
নিরাপত্তায় জনগণকে
শান্তি ফিরিয়ে দেয়া।
রাজনীতি মানে নারী পুরুষের
সমতার কথা বলা,
দুর্বলদের এগিয়ে নিয়ে
সমভাবে পথ চলা।
রাজনীতি মানে তার হাত ধরা
কষ্ট যে যায় সয়ে,
জনতারা যাতে নিজ মতামত
বলে যায় নির্ভয়ে।
রাজনীতি মানে অসহায়দের
পাশে দাঁড়িয়ে পড়া।
সহনশীলতা চর্চার মাঝে
শিক্ষিত দেশ গড়া।
রাজনীতি হোক সভ্যতার এক
অনন্য সম্মান,
মানবিকতার অলংকারে
বাঁচুক সবার প্রাণ।
রাজনৈতিক নেতার হৃদয়
হোক মমতায় ভরা,
এমন করেই সম্ভবনার
বাংলাদেশকে গড়া।
১১৭ বার পড়া হয়েছে