সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ সভা শুরু হয়। সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রকাশিত সভার নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা।

সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে।

নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এগুলোর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধে কয়েকটি প্রকল্প সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প রয়েছে।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও তালিকায় রয়েছে। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ।

অর্থ-সামাজিক অবকাঠামো খাতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার প্রকল্প রয়েছে।

অন্যদিকে চলমান প্রকল্পগুলোর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব আলোচনায় আসবে। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হবে।

সভায় শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার প্রকল্পও উপস্থাপন করা হবে। পাশাপাশি খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।

সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর অনুমোদন ও সংশোধন বিষয়ে একনেকের সিদ্ধান্ত জানা যাবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০