ইরানে অভিযান না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পরিচালনা না করতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ইসরায়েলের রাজনীতিবিদ ও সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকট। রাজনৈতিক পালাবদলের এই সময়ে বড় ধরনের সামরিক সিদ্ধান্ত নেওয়া হলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুকে পাঠানো এক চিঠিতে সংযম প্রদর্শনের আহ্বান জানান আইজেনকট। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত বড় ধরনের নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত।
চিঠিতে আইজেনকট লেখেন, ‘সংযম ও সতর্কতা দেখান এবং নেসেটের আস্থাভাজন নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত অপেক্ষা করা যায় এমন বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকুন।’
তিনি আরও সতর্ক করেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে জরুরি পদক্ষেপের প্রয়োজন দেখিয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
ইসরায়েলের গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়, দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতেই আইজেনকটের এই সতর্কবার্তা সামনে এসেছে।
চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে, অনির্দিষ্ট সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিলেন ইয়াল জামির। এর আগে গত ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখেও একই ধরনের সামরিক উদ্যোগের বিরোধিতা করেছিলেন তিনি। সামরিক নেতৃত্বের আশঙ্কা ছিল, এ ধরনের পদক্ষেপে উত্তেজনা বেড়ে গেলে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হতে পারে।
আইজেনকটের চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি। তবে চিঠি পাঠানোর সময় এবং সাম্প্রতিক সামরিক মতবিরোধের প্রেক্ষাপট নতুন করে বিষয়টি আলোচনায় এনেছে।
এ ছাড়া নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নিরাপত্তা ব্রিফিংয়ের ব্যবস্থা না করার অভিযোগ তুলেছেন আইজেনকট। নিয়মিত গোয়েন্দা মূল্যায়ন ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে নেতানিয়াহুর শিবির আইজেনকটের সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, আইজেনকট জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনীতির সঙ্গে যুক্ত করছেন। নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে বিতর্ক হওয়া উচিত নয় বলেও যুক্তি দিয়েছে নেতানিয়াহুর পক্ষ।
গাডি আইজেনকট ইসরায়েলের সাবেক সামরিক জেনারেল এবং মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টির নেতা। চার দশকের বেশি সময় তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আইডিএফের চিফ অব দ্য জেনারেল স্টাফ ছিলেন।
২০২২ সালে রাজনীতিতে যোগ দেন আইজেনকট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর নেতৃত্বাধীন জরুরি ঐক্য সরকারে যোগ দিলেও যুদ্ধ-পরবর্তী কৌশল নিয়ে মতবিরোধের জেরে ২০২৪ সালের জুনে পদত্যাগ করেন তিনি।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর ৪৬ জন আইনপ্রণেতা নেতানিয়াহুকে সমর্থন দিলেও ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটকে সরকার গঠনের জন্য সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন।
শাসক জোট গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় সামরিক বাহিনীর ওপরও তাঁর কর্তৃত্ব বহাল রয়েছে।
ফলে ইসরায়েলের রাজনৈতিক পালাবদলের এই সময়ে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রাজনৈতিক জবাবদিহি নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে