সর্বশেষ

সারাদেশ

পলি জমে ভরাট ধুলাসার নদী: চরম বিপাকে পটুয়াখালীর লাখো জেলে

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার নদী পলি জমে ক্রমেই ভরাট হয়ে যাচ্ছে। একসময়ের প্রবহমান এই নদী এখন অনেকটা মরা খালে পরিণত হয়েছে। নাব্যতা সংকট ও অসংখ্য ডুবোচরের কারণে গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরা ট্রলারগুলো প্রায়ই আটকে পড়ছে। এতে সময়মতো ঘাটে পৌঁছাতে না পেরে ট্রলারে পচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। নদীটির ওপর নির্ভরশীল হাজারো জেলে ও ব্যবসায়ীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটার সঙ্গে পলি জমে ধীরে ধীরে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার নদী। একসময় প্রবল স্রোতে বয়ে চলা নদীটি এখন নাব্যতা হারিয়ে সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ভাটার সময় নদীর বিভিন্ন স্থানে জেগে উঠছে বালুচর। ফলে গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে প্রতিদিনই ডুবোচরে আটকে যাচ্ছে অসংখ্য মাছ ধরার ট্রলার।

এমনকি সাগর উত্তাল হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিলে নিরাপদ আশ্রয়ের জন্য এই নদীতে প্রবেশ করতে গিয়েও বিপাকে পড়ছেন জেলেরা। ডুবোচরের কারণে অনেক ট্রলার নদীতে ঢুকতে পারছে না। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বৃহৎ মৎস্য ব্যবসা। প্রতিদিন দূরদূরান্ত থেকে এই বাজারে মাছ নিয়ে আসেন অসংখ্য জেলে। পাইকারদের হাঁকডাকে মুখর থাকে বাজার ও আশপাশের এলাকা। এই বাজারের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন-জীবিকা। কিন্তু নদীর নাব্যতা সংকটে এখন আগের মতো স্বস্তিতে মাছ নিয়ে ঘাটে ফিরতে পারছেন না সমুদ্রগামী জেলেরা।

জেলেদের অভিযোগ, কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো দিনের পর দিন ডুবোচরে আটকে থাকতে হয় ট্রলার নিয়ে। এতে আহরণ করা মাছ সময়মতো বাজারে পৌঁছানো সম্ভব হয় না। দীর্ঘ সময় ট্রলারে পড়ে থাকায় মাছের গুণগত মান নষ্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে পচন ধরে। বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে হয় তাঁদের। এতে পরিশ্রম করেও লোকসানের মুখে পড়ছেন জেলেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় স্রোতের টানে প্রবহমান ছিল ধুলাসার নদী। এখন জোয়ারের সময় কোনোভাবে ট্রলার চলাচল করতে পারলেও ভাটার সময় পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। অনেক স্থানে পানি এতটাই কমে যায় যে মানুষ হেঁটেই নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যেতে পারেন। ফলে মাছ ধরার পর ঘাটে ফিরতে না পেরে অনেক জেলেকে মাথায় করে মাছ পরিবহন করতে হয়।

সরেজমিনে কথা হয় জেলে সোবহান সিকদারের সঙ্গে। তিনি বলেন, একসময় এই নদীর স্রোতের শব্দে বুক কেঁপে উঠত। অথচ এখন ভাটার সময় নদীর এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে যাওয়া যায়। প্রতিদিন সাগর মোহনা দিয়ে হাজারো মাছ ধরার ট্রলার এই নদীতে প্রবেশ করে। কিন্তু ডুবোচরে আটকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জেলেদের। সময়মতো মাছ ঘাটে পৌঁছাতে না পারায় অনেকে কম দামে বিক্রি করতে বাধ্য হন। আবার অনেকের মাছ পচে যায়। এতে কষ্ট করেও লোকসান গুনতে হচ্ছে।

আরেক জেলে বলেন, সাগর উত্তাল হলে কিংবা ঝড়-বন্যার আশঙ্কা দেখা দিলে নিরাপদ আশ্রয়ের জন্য হাজারো ট্রলার এই নদীতে প্রবেশের চেষ্টা করে। কিন্তু ডুবোচরের কারণে অনেক ট্রলার নদীর ভেতরে ঢুকতে পারে না। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় তাঁদের।

বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাসেল বলেন, ধুলাসার নদীর নাব্যতা সংকট এখন লাখো মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এই বাজারে কোটি টাকার মাছের ব্যবসা হয়। কিন্তু নদীর মোহনায় বালু জমে বড় বড় চর জেগে উঠেছে। ফলে ট্রলার চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জোয়ার কিংবা ভাটায় ছোট ট্রলার কোনোভাবে চলাচল করতে পারলেও বড় ট্রলার প্রতিদিনই আটকে যাচ্ছে। দ্রুত নদীটি খনন করা না হলে অনেক জেলেকে পেশা পরিবর্তন করতে হবে।

বাজারের ব্যবসায়ী হাজী মাসুদ বলেন, শত বছরের পুরোনো বাবলাতলা বাজারের অস্তিত্ব অনেকটাই এই নদীর ওপর নির্ভরশীল। নদীটির কারণে এলাকার মানুষের জীবন-জীবিকায় কী পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে, তা ভাষায় বোঝানো কঠিন। এখন জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চান না। বিকল্প হিসেবে মহিপুর ও আলীপুর ঘাটে যেতে হলে তাঁদের অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। এ কারণে অনেকে কয়েক কিলোমিটার দূর থেকে মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে নিয়ে আসেন। এমন দৃশ্য দেখাও কষ্টকর। এই বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবিকা নির্ভরশীল উল্লেখ করে তিনি দ্রুত নদীটি খননের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও নদীর চ্যানেল দিয়ে সময়মতো ঘাটে ফিরতে পারছেন না। নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুবোচরের কারণে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, যাতে দ্রুত নদীটি খননের উদ্যোগ নেওয়া হয়।

বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খননের ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণের কাজ চলছে। ধুলাসার নদীর ক্ষেত্রেও কোনো প্রতিনিধি আবেদন করলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০