এটি একটি পরিকল্পিত রাজনৈতিক নাশকতা: কুষ্টিয়ায় এমপি নুসরাত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে বাড়িটির সাতটি কক্ষ পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এমপি নুসরাত তাবাসসুম এই ঘটনাকে একটি পরিকল্পিত রাজনৈতিক নাশকতা বলে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক টিনশেড বাড়িতে গত বৃহস্পতিবার রাত ১২টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে টিনশেড ঘরের ১০টি কক্ষের মধ্যে ৭টি ঘর ছাই হয়ে যায়। এ সময় কেয়ারটেকার পরিবারের আসবাবপত্র ভস্মীভূত হওয়ার পাশাপাশি একটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় পাশে থাকা তিনতলা ভবনে পরিবারের সদস্যরা অবস্থান করলেও সেখানে আগুন ছড়ায়নি। ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে দ্রুত গ্রামের বাড়িতে পৌঁছান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
বাড়িটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার কথা জানিয়ে নুসরাত তাবাসসুম বলেন, ফুটেজ দেখে পেট্রোল বোমা নিক্ষেপের স্পষ্ট আলামত পাওয়া গেছে। ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকায় বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক নাশকতা হিসেবে দেখছেন তিনি।
বাড়িতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম জানান, বিকট শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন পুরো ঘরে আগুন ধরে গেছে। অন্যদিকে নুসরাত তাবাসসুমের বাবা সাবেক প্রধান শিক্ষক আবদুল হালিম টম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের কথা নিশ্চিত করেছেন।
ঘটনাটি নিশ্চিত করে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, সংসদ সদস্যের বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পেট্রোল বোমা হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২৬ বার পড়া হয়েছে