সর্বশেষ

সারাদেশ

সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, উঠছে প্রশ্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংক হিসাবের নথি অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয় সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে। তবে এই অর্থের উৎস ও লেনদেনের উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

রাজশাহীতে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের ঘটনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ব্যাংক হিসাবের নথিতে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা দেওয়া হয়। একই দিন সেখান থেকে ৪৯ লাখ টাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে পাঠানো হয়।

নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সংশ্লিষ্ট অর্থ লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে জানা গেছে।

টাকা স্থানান্তরের কারণ ও উৎস সম্পর্কে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার স্পষ্ট কোনো তথ্য দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

এ ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের পোশাক পরা অবস্থায় সাইফুল ইসলামের সঙ্গে সাবিহা আক্তারকে গোপনে বৈঠক করতে দেখা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে, কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের দাবি, সার্জেন্ট সাবিহা অন্য এক ব্যক্তির কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন। সরাসরি লেনদেন না করে ওই ব্যক্তির নগদ অর্থ তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরে সাবিহার হিসাবে পাঠানোর অনুরোধ করা হয়েছিল।

সাইফুল ইসলাম বলেন, ‘আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’

তবে ওই তৃতীয় ব্যক্তি কে, অর্থের প্রকৃত উৎস কী এবং কেন তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে টাকা স্থানান্তর করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাইফুল ইসলাম।

একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে পুলিশ নিজস্ব উদ্যোগে কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করে না।

তবে ব্যাংক হিসাবের নথিতে উঠে আসা ৪৯ লাখ টাকার এই লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০