সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদিতে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১শ' বেত্রাঘাত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামে এক কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির আদালত। গত মাসে রিয়াদের একটি ফৌজদারি আদালত এ রায় দেন। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশের পাশাপাশি সাজা কার্যকর না করার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হন কেনীয় নাগরিক এস্থার ওয়ানজা মুথোনি। ২০২৫ সালের আগস্টে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের আগেই ওই মিসরীয় নাগরিক সৌদি আরব ছেড়ে চলে যান।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সন্তান জন্মের পর বিষয়টি জানাজানি হলে মুথোনিকে হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সৌদি আরবে অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার ঘটনা পুলিশকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে হাসপাতালগুলোর। এ কারণে গ্রেপ্তার এড়াতে অনেক নারী বাড়িতে গোপনে সন্তান জন্ম দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে রিয়াদের একটি ফৌজদারি আদালতের তিন বিচারকের প্যানেল মুথোনিকে দোষী সাব্যস্ত করেন। তাঁকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়ার পাশাপাশি এক বছরের নির্বাসনের আদেশও দেওয়া হয়। আদালতে শুনানির সময় তাঁর জন্য দোভাষীর ব্যবস্থা থাকলেও কোনো আইনজীবী ছিলেন না।

সাজা ঘোষণার পরও আপিল করেননি মুথোনি। তাঁর আশা, দ্রুত আইনি প্রক্রিয়া শেষ হলে সন্তানকে নিয়ে কেনিয়ায় ফিরে যেতে পারবেন। তবে বেত্রাঘাতের সাজা নিয়ে তিনি গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুথোনি বলেন, ‘আমি খুব ভয় পাচ্ছি। আমার মনে হয় না, আমি এই বেত্রাঘাত সহ্য করতে পারব।’

এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি মুথোনির সাজা কার্যকর না করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত। সৌদি আরবের আধুনিকায়ন এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে দেশটির যেসব দাবি রয়েছে, এ ধরনের শাস্তি তার সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, ২০২০ সালে সৌদি আরব বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিলের ঘোষণা দেয়। তবে ইসলামি আইনে নির্ধারিত কিছু অপরাধের ক্ষেত্রে এ শাস্তির বিধান বহাল রাখা হয়েছে। ব্যভিচারও এসব অপরাধের অন্তর্ভুক্ত।

অন্যদিকে অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ডু বোল্ডের তথ্য অনুযায়ী, সৌদি আরবের কঠোর কাফালা ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা তাঁদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেন এবং চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। ফলে নির্যাতন কিংবা আইনি জটিলতার শিকার হলেও অনেক নারী প্রয়োজনীয় আইনি সহায়তা থেকে বঞ্চিত হন।

মুথোনিকে দেওয়া এক বছরের নির্বাসনের আদেশের অর্থ কী, তা এখনো স্পষ্ট নয়। তাঁকে কেনিয়ায় ফেরত পাঠানো হবে, নাকি সৌদি আরবের অন্য কোনো শহরে স্থানান্তর করা হবে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে তাঁর ১০০ বেত্রাঘাতের সাজা কবে কার্যকর করা হবে, তা-ও জানা যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০