জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এসব দেশের প্রয়োজন অনুদান, নতুন করে ঋণের বোঝা নয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।
ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তারপরও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও কাজ চলছে। বিশেষ কর প্রণোদনার আওতায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব ভবনের স্বীকৃতি বা লিড সনদ পেয়েছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি দেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের লক্ষ্য হচ্ছে জল সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।
এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ চলছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। অন্যদিকে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে বলে জানান তিনি।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘জলবায়ু-সহনশীল ঋণ শর্ত’ এবং ‘ঋণের বিনিময়ে জলবায়ু কার্যক্রম’ ব্যবস্থাসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর কথা বলা হয়েছে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণ ত্বরান্বিত করার কথা বলা হয়েছে।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন তারেক রহমান। তাঁর মতে, এই উদ্যোগের মূল ভিত্তি হতে হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
১২২ বার পড়া হয়েছে