সর্বশেষ

সারাদেশ

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স ধসে পড়ার আশঙ্কা, ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ছে, পিলার ও বিমে দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা লোহার রড। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনের অর্ধেকের বেশি অংশ পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসেবা। এতে চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালটির ৫০ শয্যার ভবন এখন মারাত্মক ঝুঁকির মুখে। যেকোনো সময় ভবনের অংশবিশেষ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ, নারী ও গাইনি ওয়ার্ডের মেঝে স্যাঁতসেঁতে। ছাদ থেকে চুঁইয়ে পড়া পানি জমে আছে বিভিন্ন স্থানে। কোথাও কোথাও পানি ধরে রাখার জন্য বালতি রাখা হয়েছে। রোগীদের শয্যার পাশেই ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। ভবনের বিভিন্ন স্থানে ফাটল এবং বেরিয়ে থাকা লোহার রডের কারণে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গাইনি ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়সী করিমন বেগম বলেন, দুই দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতে ভয়ে ঘুমাতে পারেন না। কখন ছাদ ভেঙে পড়ে, সেই আতঙ্কে থাকতে হয়। সঙ্গে নাতিকে নিয়ে থাকায় তাঁর দুশ্চিন্তা আরও বেশি।

পাশের শয্যায় থাকা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতাল ভেবে এখানে এসেছেন। কিন্তু ভবনের অবস্থা দেখে মনে হচ্ছে, এটি হাসপাতাল নয়, ভূতের বাড়ি। এখানে এসে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন দায়িত্বশীল নার্স বলেন, প্রতিদিন আতঙ্কের মধ্যে তাঁদের দায়িত্ব পালন করতে হচ্ছে। ছাদ থেকে পানি পড়ে, দেয়াল থেকে লোহার রড বেরিয়ে আছে। কখন কী ঘটে, তা বলা যায় না। চিকিৎসক, নার্স ও রোগী—সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে চার একর জমির ওপর ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। শুরু থেকেই চিকিৎসকসংকট ছিল। তখন ১৩ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত ছিলেন মাত্র সাতজন।

২০০৬ সালের প্রথম দিকে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যাসংখ্যা বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় জনবল ও সেবার সক্ষমতা। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ৩৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র ৯ জন। অর্থাৎ চিকিৎসকের ৭৬ শতাংশ পদই শূন্য রয়েছে। পাশাপাশি নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মচারীর সংকটও প্রকট।

মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগীকে সেবা দিতে হচ্ছে। অন্যদিকে অন্তর্বিভাগে ভর্তি থাকছেন ১২০ থেকে ১৩০ জন রোগী। ফলে ৫০ শয্যার হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগীকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। শয্যা না পেয়ে অনেককে মেঝে, বারান্দা ও চলাচলের পথে অবস্থান করতে হচ্ছে।

মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার প্রায় দুই লাখ মানুষের জন্য এটিই একমাত্র সরকারি হাসপাতাল। শুধু মোংলা নয়, সুন্দরবনসংলগ্ন রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষও চিকিৎসার জন্য এখানে আসেন। এ ছাড়া বন্দরকেন্দ্রিক হওয়ায় এলাকার শ্রমিক, জেলে ও দিনমজুরদের বড় একটি অংশের চিকিৎসাসেবা এই হাসপাতালের ওপর নির্ভরশীল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সাল থেকে ভবনটির অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে। উপকূলীয় এলাকার লবণাক্ত আবহাওয়া এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। একপর্যায়ে তিনটি ওয়ার্ডের ছাদ থেকেই পানি পড়তে শুরু করে।

ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ ৮ থেকে ১০ বার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছে।

সর্বশেষ ২০২৫ সালের ১ জুলাই আবারও চিঠি দেওয়ার পর গোপালগঞ্জ, বাগেরহাট ও বরিশালের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রতিনিধিদল হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শন শেষে ভবনের বড় একটি অংশকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে পরিত্যক্ত করা হয়।

তবে ভবনের ঝুঁকিপূর্ণ অংশ পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প অবকাঠামো তৈরি হয়নি। নতুন ভবন না থাকায় এবং রোগীর চাপ সামাল দিতে বাধ্য হয়ে ওই অংশেই রোগী ভর্তি রেখে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে। এতে চিকিৎসক, নার্স, রোগী, স্বজন ও হাসপাতালে যাতায়াতকারী সাধারণ মানুষও দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।

এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, চরম ঝুঁকির মধ্যে তাঁদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।

এলাকাবাসীর দাবি, মোংলা বন্দর, উপজেলা ও পৌর এলাকার গুরুত্ব বিবেচনায় বর্তমান ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করতে হবে। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ও ঝুঁকিমুক্ত ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০