কাশ্মীরে সিআরপিএফের চেকপোস্টে গুলি, আহত ৩ পুলিশ
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে গুলির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের ছোড়া গুলিতে বাহিনীর তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর।
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সিআরপিএফের একটি চেকপোস্টে হামলা চালিয়েছে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। বুধবারের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বাহিনীর তিন সদস্য।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিরা হলেন হেড কনস্টেবল সোমবীর সিং এবং কনস্টেবল রাকেশ দাস ও সন্তোষ চন্দ্রু।
সিআরপিএফ জানিয়েছে, আহত তিনজনের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন। অপরজনের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
বাহিনীর তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুই হামলাকারী চেকপোস্টে আসে। এ সময় দায়িত্ব পালনরত সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
চেকপোস্টটি জাতীয় মহাসড়ক থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত। হামলার বিষয়টি নিশ্চিত করে সিআরপিএফের এক কর্মকর্তা জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এলাকাটি ঘিরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।
১১২ বার পড়া হয়েছে