সর্বশেষ

আন্তর্জাতিক

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া। তাঁকে দিল্লির হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পার্লামেন্টে লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাকির নায়েককে প্রত্যর্পণ না করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া তাঁর প্রত্যর্পণের জন্য নতুন কোনো আনুষ্ঠানিক আবেদনও পায়নি দেশটি।

পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক আবেদন কবে এসেছে এবং দেশটির দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার আইন ও দ্বিপক্ষীয় চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও ব্যাখ্যা দেন তিনি।

ভারত প্রথমবার ২০১৮ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।

পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান জানতে চান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে কী আলোচনা হয়েছে এবং কোনো সমঝোতা হয়েছে কি না। একই সঙ্গে ভারতের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইনের শর্ত পূরণ করে কি না, তা স্পষ্ট করার দাবি জানান তিনি।

অর্থ পাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েককে ফেরত চায় ভারত। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এবং মালয়েশিয়ার আইনি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে দেশটির সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০