চীনা সরকারের মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেলেন নড়াইলের রিয়াজ
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ শিক্ষাবর্ষে চীনা সরকারের মর্যাদাপূর্ণ স্কলারশিপ (সিএসসি) অর্জন করেছেন নড়াইলের তরুণ রিয়াজ হোসেন। তিনি চীনের হারবিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের সুযোগ পেয়েছেন। এই বৃত্তির আওতায় তিনি তিন বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখাসহ নানা সুবিধা পাবেন।
রিয়াজ হোসেন নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের চর-ঝামারঘোপ গ্রামের মোঃ মন্টু মোল্যার সন্তান। তিনি লাহুড়িয়ার হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং পরবর্তীতে ঢাকার গুলশান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি সিটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
স্নাতক শেষ করার পর আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে চীনা সরকারের পূর্ণাঙ্গ বৃত্তির জন্য আবেদন করেন রিয়াজ। এর ফলশ্রুতিতে চীনের স্বনামধন্য এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ লাভ করেন তিনি। এই বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ ছাড়াও আবাসন সুবিধা, চিকিৎসা বীমা এবং মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে।
এই অর্জনে অনুভূতি প্রকাশ করে রিয়াজ জানান, আন্তর্জাতিক অঙ্গনে নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি ভাষার দক্ষতা ও গবেষণামূলক কাজের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
১২৯ বার পড়া হয়েছে