সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি পর্যটকদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ডের ফুকেট দ্বীপ। ইসরায়েলি নাগরিকদের পর্যটন ভিসার মেয়াদ এক মাস থেকে কমিয়ে ১৪ দিন করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীদের এক নেতা। স্থানীয় ব্যবসা ও সংস্কৃতির ওপর প্রভাবের অভিযোগ তুলে বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।

সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ফুকেট দ্বীপে ‘নো ইসরায়েল—সেভ ফুকেট’ লেখা ব্যানার নিয়ে আয়োজিত এক সমাবেশে থাই গণমাধ্যম ব্যবসায়ী ও ‘ইয়েলো শার্ট’ আন্দোলনের নেতা সোধি লিমথংকুল অভিযোগ করেন, ইসরায়েলি নাগরিকেরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছেন। তাঁদের বিরুদ্ধে কেবল নিজ দেশের পর্যটকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনার অভিযোগও তোলেন তিনি।

একই দিনে দ্বীপটিতে আয়োজিত আরেকটি বিক্ষোভের নেতৃত্ব দেন সাইচোল নুচোট। তিনি থাই সরকারের কাছে নাগরিকত্ব পাওয়া ইসরায়েলিদের নাগরিকত্ব বাতিল এবং দেশটিতে পরিচালিত সব চাবাদ প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।

স্থানীয় প্রতিবাদী গোষ্ঠীগুলোর অভিযোগ, ইসরায়েলি নাগরিকদের কেউ কেউ বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শন এবং বিদেশি মালিকানার বিধিনিষেধ এড়াতে থাই নাগরিকদের নাম ব্যবহার করার অভিযোগও রয়েছে।

চাবাদ প্রতিষ্ঠান নিয়ে তদন্ত

থাইল্যান্ডে ‘চাবাদ হাউস’ নামে পরিচালিত বিভিন্ন কেন্দ্রের কার্যক্রম সম্প্রতি দেশটির কর্তৃপক্ষের নজরদারিতে এসেছে। গত জুলাইয়ে একটি তদন্ত চলাকালে এক ইসরায়েলি পর্যটক কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে বলেন, ‘আপনারা কি জানেন না, এটি ইসরায়েলি ভূখণ্ড?’

ওই ঘটনার পর থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পরিধি বাড়ায়। সেপ্টেম্বরে দেশজুড়ে অন্তত নয়টি চাবাদ হাউসের লাইসেন্স ও সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত শুরু হয়।

গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটির চাবাদ প্রধান রব্বাই ইউসেফ চাইম কান্টোরের থাই নাগরিকত্ব বাতিল করেন। তদন্তে উঠে আসে, ২০১৩ সালে থাই নাগরিকত্ব পাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবহার করে ১৬ বার অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন।

ইসরায়েলি পর্যটকদের জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড ইসরায়েলি পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। দেশটিতে ইসরায়েলের অনেক নাগরিক সেনাসেবা শেষ করে ভ্রমণে যান।

২০২৩ সাল থেকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী আন্দোলন জোরালো হলেও থাইল্যান্ডের সাম্প্রতিক বিক্ষোভগুলোর পেছনে রয়েছে স্থানীয় পর্যটনকেন্দ্রগুলো দখলে নেওয়ার অভিযোগ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা।

ফুকেটসহ পর্যটন এলাকাগুলোতে ইসরায়েলি নাগরিকদের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ও প্রতিবাদ বাড়তে থাকায় বিষয়টি এখন দেশটির পর্যটননীতি, বিদেশি ব্যবসার নিয়ন্ত্রণ এবং নাগরিকত্বসংক্রান্ত বিতর্কের সঙ্গেও যুক্ত হয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০