সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় ব্যাংক কর্মকর্তা অপহরণ, লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে মারধরের পর ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে তাঁকে আহত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগ পেয়েছে পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গায় বাহাউদ্দিন শেখ (৩৪) নামের মিডল্যান্ড ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা আদায়ের পর তাঁকে আহত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় বাহাউদ্দিনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাহাউদ্দিন শেখ ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার বাসিন্দা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখায় মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত।

হাসপাতালে চিকিৎসাধীন বাহাউদ্দিন জানান, সোমবার সকাল সোয়া ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর সামনে এসে থামে। গাড়ির চালক তাঁকে ঢাকাগামী যাত্রী হিসেবে উঠতে বলেন। গাড়িতে থাকা আরও তিনজন নিজেদের যাত্রী পরিচয় দেন।

বাহাউদ্দিনের ভাষ্য, গাড়িতে ওঠার দেড় থেকে দুই মিনিটের মধ্যেই ভেতরে থাকা দুজন তাঁর মুখ বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে জিম্মি করা হয়। এরপর স্বজনদের কাছে বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়।

তিনি জানান, প্রাইভেটকারটি প্রথমে ঢাকামুখী কিছুদূর যাওয়ার পর ঘুরে ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে রওনা হয়। পরে গাড়িটি গ্রামীণ একটি কাঁচা সড়ক দিয়ে চলাচল করে। স্বজনেরা দুর্বৃত্তদের দেওয়া বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর পর তাঁকে প্রায় অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সিম নিয়ে গাড়িটি ফরিদপুরের দিকে চলে যায়।

বাহাউদ্দিনের চাচাতো ভাই সোহাগ শেখ বলেন, “বাহাউদ্দিনকে জিম্মি করে আমাদের কাছে ফোন করা হয়। পরে আমরা বাধ্য হয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা পাঠিয়ে দিই।”

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতারুজ্জামান জানান, বাহাউদ্দিনের বুক, হাত ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ একটি মৌখিক অভিযোগ পেয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০