সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতীয় হিমালয়ে তুষারপাতে আটজন নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রেকারসহ আটজন নিখোঁজ রয়েছেন। তুষারপাত ও দৃশ্যমানতা কমে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিন্দি দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরকাশী জেলার কেদারতালের কাছে প্রায় চার হাজার মিটার উচ্চতায় বরফের নিচে চাপা পড়া একটি তাঁবু উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। সেখানে পোশাক, স্যান্ডেল ও খাদ্যসামগ্রীও পাওয়া গেছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ওই এলাকার দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তল্লাশি চালানো হয়। তবে তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অব্যাহত তুষারপাতের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এলে উদ্ধার অভিযান স্থগিত করতে বাধ্য হন উদ্ধারকারীরা।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে জানা গেছে, সোমবার ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পাঁচজন ট্রেকার, উত্তর প্রদেশের দুই নারী এবং একজন স্থানীয় গাইড রয়েছেন।

তাঁরা গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে ট্রেকিং শুরু করেছিলেন। ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা ছিল। এর আগে বরফধসে পথ বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার চারজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পোর্টার ও একজন বাবুর্চি ছিলেন।

উত্তরাখণ্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেকিং রুটে একাধিক বরফধসের ঘটনা ঘটায় স্থলপথে অনুসন্ধান এবং হেলিকপ্টার পরিচালনা দুটোই কঠিন হয়ে পড়েছে।

অতিরিক্ত তুষারপাতের কারণে চার হাজার মিটারের বেশি উচ্চতার সব হাই-অল্টিটিউড ট্রেকিং রুট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হলে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০