ওমান উপকূলে জাহাজে হামলা, নিহত ভারতীয় নাবিক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত আকাশযানের আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হামলার সময় জাহাজটিতে ১৪ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সর্বানন্দ সোনোয়াল বলেন, হামলার সময় ‘এমএসভি আল ইউসুফি’ নামের ট্যাঙ্কারটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানের কোস্ট গার্ড তাঁদের উদ্ধার করেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একজন নাবিক, গুজরাটের গন্ধর নহিম আজিজ, আঘাতের কারণে মারা গেছেন।’
জাহাজটিতে কী ধরনের আকাশযান দিয়ে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। হামলার পেছনে কারা জড়িত, তা নিয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজ চলাচল খাতে নাবিক সরবরাহকারী বৃহত্তম দেশগুলোর অন্যতম ভারত। ২০২৫ সালে দেশটির তিন লাখ ২০ হাজারের বেশি সক্রিয় নাবিক ছিলেন।
১৩৮ বার পড়া হয়েছে