নিউইয়র্কের আয়নাঘরে লাল পোশাকে প্রভা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আগ্রহী ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সুযোগ পেলেই ঘুরে বেড়ান দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যতিক্রমী পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে ঘুরে বেড়ানোর মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। আয়নাঘরে লাল পোশাকে তোলা তাঁর ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।
ভ্রমণপ্রিয় তারকা হিসেবে সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের ঘোরাঘুরির মুহূর্ত তুলে ধরেন প্রভা। এবার নিউইয়র্কের আয়নাঘর হিসেবে পরিচিত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ছবিতে প্রভার পরনে ছিল টুকটুকে লাল রঙের ক্ল্যাসিক পোশাক। নেটের পেটাল স্লিভস ও বেল্টযুক্ত পোশাকে তাঁকে দেখা গেছে বেশ সাবলীল ভঙ্গিতে। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, কানে ছোট মুক্তার দুল এবং কাঁধে লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
রৌদ্রোজ্জ্বল দিনের আলো, চারপাশের আয়না ও কাচের প্রতিফলন ছবিগুলোতে তৈরি করেছে ভিন্নমাত্রা। আয়নাঘরের ঝলমলে পরিবেশের সঙ্গে প্রভার লাল পোশাকের সমন্বয় ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট শুধু পর্যবেক্ষণকেন্দ্র নয়, আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিশেষ পর্যটনকেন্দ্র। এখানে রয়েছে আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের অপটিক্যাল ইল্যুশন। এসব আয়োজন পর্যটকদের জন্য তৈরি করে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
এখান থেকে নিউইয়র্কের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পাশাপাশি পাওয়া যায় ব্যতিক্রমী ছবি তোলার সুযোগ। প্রভার সাম্প্রতিক ছবিতেও আয়না ও আলোর প্রতিফলনের সেই বিশেষ আবহ ফুটে উঠেছে।
এর আগে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে ভ্রমণের মুহূর্তও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। সমুদ্রের সান্নিধ্যে প্রকৃতির মাঝে সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ করে নিজের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। একা ভ্রমণ এবং নতুন জায়গা আবিষ্কারের প্রতি ভালো লাগার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।
১৩৭ বার পড়া হয়েছে